
নিজস্ব প্রতিবেদক :
রাজশাহী মহানগরীর মতিহার ও কাশিয়াডাঙ্গা থানা পুলিশের পৃথক মাদকবিরোধী অভিযানে ট্যাপেন্টাডল ও ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক ব্যবসায়ী এবং এক মাদকসেবীকে গ্রেপ্তার করা হয়েছে।
শনিবার (১৪ নভেম্বর) রাতে ও বিকেলে নগরীর কাজলা পুরাতন বউ বাজার এবং কাশিয়াডাঙ্গা মোড় এলাকায় এসব অভিযান পরিচালনা করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, শনিবার রাত আনুমানিক সাড়ে ১২টার দিকে মতিহার থানা পুলিশ কাজলা পুরাতন বউ বাজার এলাকায় অভিযান চালিয়ে কাজলা বিলপাড়া গ্রামের নজরুল ইসলামের ছেলে নাদিম মোস্তফা ওরফে মানিককে (২২) গ্রেপ্তার করে। এ সময় তার হেফাজত থেকে বিক্রির উদ্দেশ্যে রাখা সাত পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। তার বিরুদ্ধে মতিহার থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আগের একটি মামলা রয়েছে।
অন্যদিকে, একই দিন বিকেল সোয়া ৫টার দিকে কাশিয়াডাঙ্গা থানা পুলিশ কাশিয়াডাঙ্গা মোড় এলাকায় অভিযান চালায়। এ সময় দামকুড়া থানার জোতরাবন গ্রামের আব্দুল মান্নানের ছেলে ইয়ামিনের (২০) কাছ থেকে দুই পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। একই গ্রামের মানিক হোসেনের ছেলে রাশেদ আলী ছোটনকে (২১) গাঁজা সেবনরত অবস্থায় গ্রেপ্তার করা হয়।
পরে ছোটনকে বিভাগীয় পুলিশ হাসপাতাল, রাজশাহীতে স্বাস্থ্য পরীক্ষা করানো হলে চিকিৎসকের মতামতের ভিত্তিতে তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়।
গ্রেপ্তারদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা দায়ের করা হয়েছে। পরে তাদের বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
