
নিজস্ব প্রতিবেদক:
আসন্ন শারদীয় দুর্গাপূজা-২০২৬ সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নির্বিঘ্নে উদযাপনের লক্ষ্যে রাজশাহীতে মহানগর পূজা উদযাপন কমিটি ও পূজামণ্ডপের সভাপতিদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) সন্ধ্যা ৬টায় জেলা প্রশাসন, রাজশাহীর আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ভূমি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী মো. মিজানুর রহমান মিনু, এমপি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শফিকুল হক মিলন, রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক ও মহানগর বিএনপির সাধারণ সম্পাদক মো. মাহফুজুর রহমান রিটন, রাজশাহী বিভাগের বিভাগীয় কমিশনার মো. ইউসুফ আলী, রাজশাহী রেঞ্জের ডিআইজি মো. আশিক সাঈদ, পিপিএম, রাজশাহী মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির, পিপিএম, রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান আবুল কালাম আজাদ সুইট, রাজশাহী জেলার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট কাজী শহিদুল ইসলাম এবং পুলিশ সুপার মো. মামুন অর রশিদ।
সভায় প্রধান অতিথি ও বিশেষ অতিথিরা আসন্ন শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ, উৎসবমুখর ও নির্বিঘ্ন পরিবেশে উদযাপনের ওপর গুরুত্বারোপ করেন। তাঁরা পূজামণ্ডপের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে সংশ্লিষ্ট সবাইকে সমন্বিতভাবে দায়িত্ব পালনের আহ্বান জানান।
এ ছাড়া যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় পূজা উদযাপন কমিটি, পূজামণ্ডপের দায়িত্বশীল ব্যক্তি, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সংশ্লিষ্ট সরকারি দপ্তরগুলোর মধ্যে পারস্পরিক সমন্বয় ও সহযোগিতা জোরদারের বিষয়ে আলোচনা হয়।
সভায় বক্তারা ধর্মীয় সম্প্রীতি, পারস্পরিক শ্রদ্ধাবোধ ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশ বজায় রেখে সবার সম্মিলিত প্রচেষ্টায় শারদীয় দুর্গাপূজা উদযাপনের প্রত্যাশা ব্যক্ত করেন।
এ সময় বিভিন্ন সরকারি দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা, মহানগর পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ, পূজামণ্ডপের সভাপতি এবং সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
