
মোঃ শাহান আলী, শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি:
সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নবনির্মিত আধুনিক ল্যাব ও ব্রেস্ট ফিডিং কর্নার উদ্বোধন করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত এমপি।
শুক্রবার (৯ অক্টোবর) সকাল ১১টায় উদ্বোধনী অনুষ্ঠানে প্রতিমন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন তাঁর সহধর্মিণী স্থপতি ফাহমিদা মুহিত। এ সময় স্থানীয় নেতাকর্মী ও স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা-কর্মচারীরা তাঁকে ফুল দিয়ে বরণ করে নেন।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী জানান, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্বাস্থ্যসেবার বিভিন্ন পরীক্ষা ও চিকিৎসাপত্র বিনামূল্যে দেওয়ার ব্যবস্থা করা হবে। পাশাপাশি ডেঙ্গু প্রতিরোধে সবাইকে নিজ নিজ বাড়ির আশপাশ পরিষ্কার রাখার আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা সাবরিনা শারমিন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মাসুদ রানা, শাহজাদপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. হাফিজুর রহমান, সহকারী কমিশনার (ভূমি) মো. ফরিদুল ইসলাম, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সাইফুল ইসলামসহ প্রশাসনের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
