
নিজস্ব প্রতিবেদক:
রাজশাহী নগরীতে ডাকাতি, চুরি ও ছিনতাইয়ের ঘটনা বেড়ে যাওয়ায় উদ্বেগে রয়েছেন নগরবাসী। অপরাধীরা শনাক্ত না হওয়ায় তারা ধরাছোঁয়ার বাইরে থেকে যাচ্ছে বলে অভিযোগ উঠেছে।
এ পরিস্থিতিতে অপরাধ নিয়ন্ত্রণে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি) ও সিটি করপোরেশন যৌথভাবে নগরীর গুরুত্বপূর্ণ স্থানে ২২৬টি সিসিটিভি ক্যামেরা স্থাপন করেছে। পর্যায়ক্রমে আরও ১৫৫টি ক্যামেরা বসানোর পরিকল্পনা রয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, সিসিটিভি ফুটেজে জাদুঘর মোড় এলাকায় ছিনতাইকারীদের ধারালো অস্ত্রের মুখে যাত্রীদের কাছ থেকে মোবাইল ও মূল্যবান সামগ্রী ছিনিয়ে নেওয়ার দৃশ্য ধরা পড়েছে। এছাড়া রাজপাড়া এলাকায় একটি প্রতিষ্ঠানে গভীর রাতে ঢুকে নিরাপত্তাকর্মীকে বেঁধে প্রায় তিন লাখ টাকা লুটের ঘটনাও ক্যামেরায় ধরা পড়ে।
নগরীতে দিনে-রাতে ছিনতাই ও চুরির ঘটনা বেড়েছে বলে অভিযোগ রয়েছে। অনেক ভুক্তভোগী ঝামেলার ভয়ে থানায় অভিযোগ করতেও অনীহা প্রকাশ করছেন।
আরএমপির মুখপাত্র উপ-পুলিশ কমিশনার গাজিউর রহমান জানান, ভবিষ্যতে আরও আধুনিক প্রযুক্তির ক্যামেরা স্থাপন করা হবে, যার মাধ্যমে অপরাধীদের চেহারা ও যানবাহনের নম্বর শনাক্ত করা সম্ভব হবে।
রাজশাহী সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা রেজাউল করিম বলেন, আইন-শৃঙ্খলা রক্ষায় পুলিশকে সহায়তা করতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।
জানা গেছে, প্রতিটি ক্যামেরার দাম প্রায় ১৩ হাজার টাকা এবং ২২৬টি ক্যামেরা স্থাপনে ব্যয় হচ্ছে প্রায় ৩৫ লাখ টাকা।
