আজ- বুধবার, ১৯শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ৪ঠা ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

রাজশাহীতে পুলিশের অভিযানে ইয়াবা-ট্যাপেন্টাডলসহ গ্রেপ্তার ৩

by Prokash Kal

রাজশাহী প্রতিনিধি:

রাজশাহী মহানগরীতে পৃথক মাদকবিরোধী অভিযান চালিয়ে ইয়াবা ও ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ তিনজনকে গ্রেপ্তার করেছে রাজশাহী মহানগর পুলিশ (আরএমপি)। মঙ্গলবার রাতে পবা থানা, বোয়ালিয়া থানার শিরোইল পুলিশ ফাঁড়ি ও কাটাখালী পুলিশ ফাঁড়ির সদস্যরা এসব অভিযান চালান।

পুলিশ জানায়, মঙ্গলবার রাত পৌনে ৯টার দিকে পবা থানার পুলিশ নওহাটা ট্রাক টার্মিনাল এলাকায় অভিযান চালায়। এ সময় আইনের সঙ্গে সংঘাতে জড়িত শিশু হিসেবে চিহ্নিত ছদ্মনাম ‘খালেক সাইফ’ (১৭) নামের এক কিশোরকে গ্রেপ্তার করা হয়। তাঁর কাছ থেকে বিক্রির উদ্দেশ্যে রাখা ১০টি ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়েছে।

অভিযানের সময় বাগসারা দক্ষিণপাড়া গ্রামের মো. কইমুদ্দিনের ছেলে মো. রতন (২৮) পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যান। পুলিশ বলছে, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার কিশোরের কাছ থেকে জানা গেছে, রতন দীর্ঘদিন ধরে তাঁর সহযোগী হিসেবে মাদক ব্যবসার সঙ্গে জড়িত। তাঁকে গ্রেপ্তারে অভিযান চলছে।

এর আগে মঙ্গলবার রাত দেড়টার দিকে বোয়ালিয়া থানার শিরোইল পুলিশ ফাঁড়ির সদস্যরা মথুরডাঙ্গা এলাকায় অভিযান চালিয়ে মো. রহিদুল ইসলাম শাহরিয়ার (২৫)–কে গ্রেপ্তার করেন। তিনি শাহমখদুম থানার পবা নতুনপাড়া গ্রামের মৃত মোহাম্মদ আলীর ছেলে। তাঁর কাছ থেকে ১৫টি ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে।

অন্যদিকে, রাত ৯টার দিকে কাটাখালী পুলিশ ফাঁড়ির সদস্যরা হাজরাপুকুর আদর্শ কলেজপাড়া এলাকায় অভিযান চালিয়ে মো. আরমান হোসেন (৩০)–কে গ্রেপ্তার করেন। তিনি ওই এলাকার মো. আব্দুল সাত্তারের ছেলে। তাঁর কাছ থেকে সাতটি ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়।

পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা করা হয়েছে। পরে তাঁদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এ ছাড়া পলাতক রতনকে গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

You may also like

Leave a Comment

শিরোনাম: