আজ- বুধবার, ৭ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ, ২২শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

রাজশাহীতে বাসায় ডেকে জিম্মি করে মুক্তিপণ দাবির অভিযোগে গ্রেপ্তার ২

by Prokash Kal

নিজস্ব প্রতিবেদক:

রাজশাহী মহানগরীর রাজপাড়া থানাধীন ডিঙ্গাডোবা ব্যাংক কলোনী এলাকায় এক ব্যক্তিকে বাসায় ডেকে নিয়ে জিম্মি করে মুক্তিপণ দাবির অভিযোগে দায়ের করা মামলায় দুই আসামিকে গ্রেপ্তার করেছে রাজপাড়া থানা পুলিশ। এ সময় তাদের হেফাজত থেকে ভুক্তভোগীর স্বাক্ষর করা তিনটি ১০০ টাকা মূল্যমানের নন-জুডিশিয়াল স্ট্যাম্প, নগদ ও বিকাশের মাধ্যমে উত্তোলন করা ২৬ হাজার টাকা উদ্ধার এবং আরও ১ লাখ ৮ হাজার টাকা জব্দ করা হয়েছে।

গ্রেপ্তারকৃতরা হলেন—রাজশাহী মহানগরীর বোয়ালিয়া থানার বড়কুঠি (আরডি মার্কেটের পেছনে) এলাকার মো. শাহিন রেজা ইমরানের স্ত্রী ও মৃত মুসলিম উদ্দিনের মেয়ে, বর্তমানে ডিঙ্গাডোবা ব্যাংক কলোনী এলাকায় বসবাসরত সুলতানা (৩৯) এবং রাজশাহী জেলার পুঠিয়া থানার বানেশ্বর থান্দারপাড়া এলাকার মৃত কছের মন্ডলের ছেলে, বর্তমানে তেরখাদিয়া ডাবতলা এলাকায় বসবাসরত মো. আসলাম আলী (৫৫)।

পুলিশ জানায়, ভুক্তভোগী মো. মনোয়ার হোসেন মানুর সঙ্গে প্রায় দুই মাস আগে মোবাইল ফোনের মাধ্যমে সুলতানার পরিচয় ও বন্ধুত্বের সম্পর্ক গড়ে ওঠে। এরই ধারাবাহিকতায় গত ৪ অক্টোবর বিকেল সাড়ে ৩টার দিকে সুলতানা তাকে তার বাসায় দাওয়াত দেন। পরে বিকেল ৪টার দিকে তিনি ডিঙ্গাডোবা ব্যাংক কলোনীতে সুলতানার ভাড়া বাসায় যান।

অভিযোগে বলা হয়েছে, ভুক্তভোগী বাসায় প্রবেশের পর দেখতে পান, সেখানে আগে থেকেই আরও দুই ব্যক্তি অবস্থান করছেন। কিছু বুঝে ওঠার আগেই বাসার দরজা বন্ধ করে তাকে জোরপূর্বক আটকে রাখা হয়। এ সময় আসামিরা তাকে ভয়ভীতি ও হুমকি দেন। তাদের মধ্যে দুজন নিজেদের ডিবি পুলিশ পরিচয় দেন বলেও অভিযোগ করা হয়েছে।

পরে ভুক্তভোগীকে ছেড়ে দেওয়ার বিনিময়ে ৩ লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়। তিনি টাকা দিতে অস্বীকৃতি জানালে আসামিরা তাকে কিল-ঘুষি ও চড়-থাপ্পড় মেরে জখম করেন। একপর্যায়ে ভয়ভীতি দেখিয়ে পরিবারের সদস্যদের ফোন করে টাকা আনতে বাধ্য করা হয়।

এ সময় ভুক্তভোগীর নগদ হিসাবে ১৩ হাজার ৫০০ টাকা এবং বিকাশ হিসাবে ১৩ হাজার ২০০ টাকা, মোট ২৬ হাজার ৭০০ টাকা পাঠানো হয়। পরে আসামিরা ওই হিসাব থেকে এজেন্টের মাধ্যমে ২৬ হাজার ৩০০ টাকা উত্তোলন করে নিয়ে যায় বলে মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে।

অভিযোগে আরও বলা হয়, আসামিরা আরও টাকা দাবি করলে ভুক্তভোগী তা দিতে অস্বীকৃতি জানান। পরে তাকে ভয়ভীতি দেখিয়ে ১০০ টাকা মূল্যমানের তিনটি নন-জুডিশিয়াল স্ট্যাম্পে স্বাক্ষর করিয়ে নিয়ে ছেড়ে দেওয়া হয়। এরপর পরিবারের সদস্যদের সঙ্গে আলোচনা করে রাজপাড়া থানায় এজাহার দায়ের করেন ভুক্তভোগী।

মামলার তদন্তকালে গত ৫ অক্টোবর বিকেল পৌনে ৫টার দিকে রাজপাড়া থানাধীন ডিঙ্গাডোবা ব্যাংক কলোনীতে সুলতানার ভাড়া বাসায় অভিযান চালিয়ে সুলতানা ও আসলাম আলীকে গ্রেপ্তার করা হয়।

এ সময় তাদের কাছ থেকে দুটি স্মার্ট মোবাইল ফোন ও একটি বাটন মোবাইল ফোন, ভুক্তভোগীর স্বাক্ষর করা তিনটি ১০০ টাকা মূল্যমানের নন-জুডিশিয়াল স্ট্যাম্প এবং ভুক্তভোগীর নগদ ও বিকাশ হিসাব থেকে উত্তোলন করা ২৬ হাজার টাকা উদ্ধার করা হয়। এছাড়া সুলতানার দেখানো শপিং ব্যাগ থেকে ১ লাখ ৮ হাজার টাকা বিধি মোতাবেক জব্দ করা হয়েছে।

পুলিশ জানায়, গ্রেপ্তারকৃত আসামি আসলাম আলীর বিরুদ্ধে রাজশাহী জেলার পুঠিয়া থানায় পেনাল কোড আইনে একটি মামলা রয়েছে।

গ্রেপ্তারকৃত দুই আসামিকে আদালতে সোপর্দ করা হয়েছে। মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে তাদের রিমান্ডের আবেদন করা হয়েছে। এ ঘটনায় মামলার তদন্ত কার্যক্রম চলমান রয়েছে।

You may also like

Leave a Comment

শিরোনাম: