আজ- সোমবার, ৫ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ, ২০শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

বাংলাদেশ পুলিশ মেধাবৃত্তি পেলেন আরএমপির ৬৯ শিক্ষার্থী

by Prokash Kal

নিজস্ব প্রতিবেদক:

বাংলাদেশ পুলিশ মেধাবৃত্তি ২০২৪ ও ২০২৫-এর আওতায় রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) ৬৯ জন কৃতি শিক্ষার্থীর মাঝে সম্মানী, ক্রেস্ট ও সনদ বিতরণ করা হয়েছে।

রোববার (৪ অক্টোবর) বেলা ১১টায় রাজশাহী পুলিশ লাইন্সের ড্রিলশেডে আয়োজিত অনুষ্ঠানে এসএসসি ও এইচএসসি পরীক্ষায় কৃতিত্বপূর্ণ ফলাফল অর্জনকারী এসব শিক্ষার্থীর হাতে সম্মানী, ক্রেস্ট ও সনদ তুলে দেওয়া হয়। বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শকের নির্দেশনায় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে কৃতি শিক্ষার্থীদের অভিভাবকেরাও উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাজশাহী মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির পিপিএম।

প্রধান অতিথির বক্তব্যে পুলিশ কমিশনার বলেন, বাংলাদেশ পুলিশে কর্মরত সদস্যদের সন্তানদের মেধার স্বীকৃতি ও তাদের উৎসাহিত করার উদ্দেশ্যেই এ মেধাবৃত্তির আয়োজন করা হয়েছে। মেধাবৃত্তি অর্জন অত্যন্ত কঠিন ও প্রতিযোগিতাপূর্ণ একটি সাফল্য। মেধা, অধ্যবসায় ও কঠোর পরিশ্রমের মাধ্যমে কৃতি শিক্ষার্থীরা এ অর্জন করেছে। তিনি মেধাবৃত্তিপ্রাপ্ত সব শিক্ষার্থীকে অভিনন্দন জানান।

তিনি বলেন, সন্তানদের উচ্চশিক্ষায় শিক্ষিত করে তুলতে অভিভাবকদের অনেক ত্যাগ ও কষ্ট করতে হয়। বিশেষ করে পুলিশ বাহিনীর অনেক সদস্য নিজেদের সুখ-স্বাচ্ছন্দ্য বিসর্জন দিয়ে সন্তানদের ভবিষ্যৎ গড়ে তুলতে নিরলসভাবে কাজ করছেন। তাই শুধু ভালো ফলাফল অর্জন করলেই হবে না, সুশিক্ষায় শিক্ষিত হয়ে ভালো মানুষ হতে হবে এবং মা-বাবার ত্যাগের মূল্য দিতে হবে।

শিক্ষার্থীদের উদ্দেশে পুলিশ কমিশনার বলেন, এসএসসি ও এইচএসসি পরীক্ষায় ভালো ফলাফল জীবনের একটি গুরুত্বপূর্ণ ধাপ। এখান থেকেই জীবনের নতুন অধ্যায়ের সূচনা হয়। বুয়েট, রুয়েট, চুয়েট, কুয়েট, মেডিকেল কলেজ ও বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করা শিক্ষার্থীরাই ভবিষ্যতে সমাজ, দেশ ও বিশ্বকে নেতৃত্ব দেবে।

যেসব শিক্ষার্থীর ফলাফল আশানুরূপ হয়নি, তাদের হতাশ না হয়ে আত্মবিশ্বাসের সঙ্গে আরও বেশি পরিশ্রম করার আহ্বান জানান তিনি।

শিক্ষার্থীদের সুশৃঙ্খল জীবনযাপনের ওপর গুরুত্ব দিয়ে পুলিশ কমিশনার বলেন, সফলতার জন্য শৃঙ্খলার কোনো বিকল্প নেই। রাত জাগার অভ্যাস পরিহার করে সময়মতো ঘুমানো ও ভোরে ঘুম থেকে ওঠার অভ্যাস গড়ে তুলতে হবে। পাশাপাশি অস্বাস্থ্যকর ও ভাজাপোড়া খাবার এড়িয়ে সুষম ও পুষ্টিকর খাবার গ্রহণ এবং নিয়মিত শরীরচর্চার মাধ্যমে সুস্থ জীবনযাপন করতে হবে।

অনুষ্ঠানে কৃতি শিক্ষার্থী কানিজ ফাতিমা মিম তাঁর অনুভূতি ব্যক্ত করে বলেন, দীর্ঘ দুই বছরের কঠোর পরিশ্রম, রাত জেগে পড়াশোনা এবং বাবা-মায়ের ত্যাগের ফলেই তিনি এ সাফল্য অর্জন করেছেন। মেধাবৃত্তি অর্জন তাঁকে আরও দায়িত্বশীল হতে অনুপ্রাণিত করেছে। ভবিষ্যতে যে পেশাতেই যুক্ত হোন না কেন, পেশাগত পরিচয়ের আগে একজন ভালো ও মানবিক মানুষ হওয়াই তাঁর প্রধান লক্ষ্য।

এ সময় বাংলাদেশ পুলিশে কর্মরত এক কনস্টেবল অভিভাবক বলেন, চাকরির ব্যস্ততার মধ্যেও সন্তানদের সময় দেওয়া, ভালোবাসা ও সঠিক দিকনির্দেশনা দেওয়াই তাদের সাফল্যের মূল চাবিকাঠি। সন্তানদের ওপর অতিরিক্ত চাপ বা শারীরিক শাস্তি না দিয়ে ধৈর্য ও সহানুভূতির সঙ্গে উৎসাহিত করতে হবে। কাঙ্ক্ষিত ফল না পেলেও শিক্ষার্থীদের হতাশ না হয়ে চেষ্টা চালিয়ে যেতে হবে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম) মো. ফারুক হোসেন, উপ-পুলিশ কমিশনার (সদর)-এর দায়িত্বে থাকা অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ খোরশেদ আলম পিপিএম, উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক) মো. নূর আলম সিদ্দিকী, উপ-পুলিশ কমিশনার (বোয়ালিয়া) মো. গোলাম রব্বানী শেখ পিপিএম (বার), উপ-পুলিশ কমিশনার (মতিহার) মাঈনুল ইসলাম পিপিএম (বার), উপ-পুলিশ কমিশনার (ইঅ্যান্ডডি) মো. আবুল কালাম সাহিদ, উপ-পুলিশ কমিশনার (সিটিটিসি) ও আরএমপির মুখপাত্র মো. গাজিউর রহমান পিপিএমসহ আরএমপির ঊর্ধ্বতন কর্মকর্তারা এবং কৃতি শিক্ষার্থী ও তাঁদের অভিভাবকেরা।

You may also like

Leave a Comment

শিরোনাম: