
নিজস্ব প্রতিবেদক:
রাজশাহী মহানগরীতে ডিবি, পবা, বেলপুকুর থানা ও কাশিয়াডাঙ্গা থানার কেশবপুর পুলিশ ফাঁড়ির পৃথক মাদকবিরোধী অভিযানে ট্যাপেন্টাডল, ইয়াবা ও গাঁজা উদ্ধার করা হয়েছে। এসব ঘটনায় নারীসহ ৮ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় মাদক বিক্রির নগদ টাকা, মোবাইল ফোন ও একটি মোটরসাইকেল জব্দ করা হয়।
পুলিশ জানায়, ২ অক্টোবর রাতে ডিবি পুলিশ লক্ষ্মীপুর বাকীর মোড় এলাকায় অভিযান চালিয়ে মেহেদী হাসান (২০) ও আইনের সঙ্গে সংঘাতে জড়িত এক শিশুকে গ্রেপ্তার করে। তাদের কাছ থেকে ৪টি ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়।
পবা থানা পুলিশ বড়ইকুড়ি এলাকায় অভিযান চালিয়ে নাহিদা সুমি (২৩) ও ফেরদৌসি বিবি (৫৪)কে গ্রেপ্তার করে। ফেরদৌসির কাছ থেকে ২৫০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। একই থানার পিল্লাপাড়া এলাকায় অভিযান চালিয়ে নুর আলম (৩৫)কে গ্রেপ্তার করে ৭টি ইয়াবা, ২ হাজার ৬০০ টাকা, একটি মোবাইল ফোন ও একটি মোটরসাইকেল জব্দ করা হয়। এছাড়া তেবাড়ীয়া উত্তরপাড়া এলাকায় অভিযান চালিয়ে মাজেদুর রহমান ওরফে মামুনকে (২৮) গ্রেপ্তার করে ৪০টি ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়।
অন্যদিকে, বেলপুকুর থানা পুলিশ মাহেন্দ্রা এলাকায় অভিযান চালিয়ে রনি আহম্মেদ (২৭)কে গ্রেপ্তার করে ১৭টি ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করে। কাশিয়াডাঙ্গা থানার কেশবপুর পুলিশ ফাঁড়ি পূর্ব রায়পাড়া এলাকায় অভিযান চালিয়ে আক্তার হোসেন (২৮)কে গ্রেপ্তার করে ১০টি ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে।
পুলিশ জানায়, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা করা হয়েছে। পরে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
