
নিজস্ব প্রতিবেদক: রাজশাহী মহানগরীতে পৃথক মাদকবিরোধী অভিযানে নারীসহ আট মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে রাজশাহী মহানগর পুলিশ (আরএমপি)। এ সময় তাদের কাছ থেকে ইয়াবা, ট্যাপেন্টাডল ট্যাবলেট, হেরোইন ও এসকাফ সিরাপ উদ্ধার করা হয়েছে। পাশাপাশি মাদক বিক্রির নগদ ১০ হাজার টাকাও জব্দ করা হয়েছে।
আরএমপির পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, মহানগর গোয়েন্দা শাখা (ডিবি), বোয়ালিয়া ও কাটাখালী থানা পুলিশের পৃথক অভিযানে গত ২ ও ৩ আগস্ট এসব মাদক উদ্ধার এবং আটজনকে গ্রেপ্তার করা হয়।
বিজ্ঞপ্তি অনুযায়ী, গত ৩ আগস্ট সন্ধ্যায় রাজপাড়া থানার মহিষবাথান উত্তরপাড়া (সিটি বাইপাস) এলাকায় অভিযান চালিয়ে আব্দুল্লাহ আল মামুন ওরফে বাবু (৩২) ও নার্গিস (৫০)-কে গ্রেপ্তার করে ডিবি পুলিশ। এ সময় বাবুর কাছ থেকে ৩৯টি এবং নার্গিসের কাছ থেকে ২৪টি ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এছাড়া নার্গিসের কাছ থেকে মাদক বিক্রির ১০ হাজার টাকা জব্দ করা হয়। পুলিশের তথ্য অনুযায়ী, বাবুর বিরুদ্ধে রাজপাড়া থানায় ছয়টি এবং বোয়ালিয়া থানায় একটি মাদক মামলা রয়েছে।
একই দিন বিকেলে রাজপাড়া থানার শ্রীরামপুর এলাকায় আরেকটি অভিযানে সাজিদ (৩৩) ও তার স্ত্রী রোজিনা (৪০)-কে গ্রেপ্তার করা হয়। এ সময় সাজিদের কাছ থেকে ৫০টি ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পারে, রোজিনা দীর্ঘদিন ধরে স্বামীকে সহযোগিতা করে মাদক কেনাবেচা ও সরবরাহের সঙ্গে জড়িত ছিলেন। সাজিদের বিরুদ্ধে আরএমপির বিভিন্ন থানায় সাতটি এবং রোজিনার বিরুদ্ধে একটি মাদক মামলা রয়েছে।
এদিকে, বোয়ালিয়া থানার পাঠানপাড়া এলাকায় অভিযান চালিয়ে রজনী খাতুনের (৩১) বসতবাড়ি থেকে ২০টি ইয়াবা ট্যাবলেট ও ১ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে তিনি পালিয়ে গেলেও একই রাতে পুনরায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
অন্যদিকে, গত ২ আগস্ট রাতে কাটাখালী থানার চককাপাশিয়া পূর্বপাড়া এলাকায় অভিযান চালিয়ে পাপন কর্মকার (৩৫) ও মুরাদ হাসান (৩৭)-কে গ্রেপ্তার করা হয়। এ সময় পাপনের কাছ থেকে দুটি বোতল এসকাফ সিরাপ উদ্ধার করা হয়। প্রাথমিক তদন্তে জানা যায়, মুরাদ দীর্ঘদিন ধরে পাপনের সহযোগী হিসেবে মাদক কেনাবেচা ও সরবরাহের সঙ্গে জড়িত ছিলেন।
এ ছাড়া, গত ৩ আগস্ট দিবাগত রাতে কাটাখালী থানার হরিয়ান দহপাড়া এলাকায় অভিযান চালিয়ে ফয়সাল বারী (২৩)-কে গ্রেপ্তার করা হয়। তার কাছ থেকে ১০টি ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়েছে।
আরএমপি জানিয়েছে, গ্রেপ্তার হওয়া আটজনের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা দায়ের করা হয়েছে। পরে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
