আজ- মঙ্গলবার, ২৮শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
Home রাজশাহীরাজশাহীতে ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক

রাজশাহীতে ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক

by Prokash Kal
৩৭ views

নিজস্ব প্রতিবেদক:

রাজশাহী মহানগরীর সমন্বিত নগর অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় নির্মাণাধীন হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভার, হড়গ্রাম গোরস্থানের উন্নয়ন কাজ এবং কাঠালবাড়িয়া মোড় হতে হাইটেক পার্ক হয়ে আইবাঁধ সংলগ্ন মিনি স্টেডিয়াম পর্যন্ত কার্পেটিং সড়ক, ড্রেন, ফুটপাত, রোড ডিভাইডার, রেলিং, রিটেনিং ওয়াল নির্মাণ কাজ পরিদর্শন করেছেন রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটন। রোববার (১৯ এপ্রিল) দুপুরে চলমান উন্নয়ন পরিদর্শনকালে কাজের গুনগত মান বজায় রেখে নির্ধারিত সময়ের মধ্যেই কাজ সমাপ্তের নির্দেশনা দেন রাসিক প্রশাসক।

পরিদর্শনকালে রাসিক প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটন সাংবাদিকদের বলেন, মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান নাগরিক সেবা সুনিশ্চিত করতে আমাকে প্রশাসকের দায়িত্ব দিয়েছেন। চলমান উন্নয়ন কাজ দ্রুত সময়ে সমাপ্ত ও নাগরিক সেবা সুনিশ্চিত করতে কাজ করে যাচ্ছি। আশা করছি হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভার নির্মাণ কাজ দ্রুত সময়ের মধ্যেই সমাপ্ত হবে এবং ফ্লাইওভারটি জনসাধারণের চলাচলের জন্য খুলে দেওয়া সম্ভব হবে। অন্যান্য ফ্লাইওভারসহ চলমান উন্নয়ন কাজ দ্রুত গতিতে সম্পন্ন করতে প্রকৌশল বিভাগকে নির্দেশনা প্রদান করা হয়েছে। ৩০দিনের কর্মপরিকল্পনা গ্রহণ করে কাজ বাস্তবায়ন করা হচ্ছে।

রাসিক প্রশাসক আরো বলেন, ৩০টি ওয়ার্ডে পরিস্কার-পরিচ্ছন্নতা ও মশক নিধন কার্যক্রম জোরদার করা হয়েছে। মশক নিধনে ইতোমধ্যে ১৫ দিনব্যাপী ফগার মেশিনে স্প্রে ক্র্যাশ প্রোগ্রাম করা হয়েছে। মশক নিধনে কীটনাশক ও ফগার মেশিন ক্রয়ের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। আগামীতে একযোগে বিভিন্ন ওয়ার্ডে ফগার মেশিনে স্প্রে কার্যক্রম পরিচালনা করা হবে।

পরিদর্শনকালে রাজশাহী সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ রেজাউল করিম, তত্ত্বাবধায়ক প্রকৌশলী মোঃ খায়রুল বাকের, তত্বাবধায়ক প্রকৌশলী (ভারপ্রাপ্ত) আহমদ আল মঈন পরাগ, উপ-সহকারী প্রকৌশলী সানারুল ইসলাম ছবিসহ সংশ্লিষ্ট কর্মকর্তা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

You may also like

Leave a Comment

শিরোনাম: