
নিজস্ব প্রতিবেদক, রাজশাহী:
রাজশাহী মহানগরীতে পৃথক মাদকবিরোধী অভিযানে ইয়াবা ও ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ ছয়জন কথিত মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) কাটাখালী ও চন্দ্রিমা থানা পুলিশ। অভিযানে মোট ১১২টি ইয়াবা এবং ২০টি ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়েছে।
পুলিশ জানায়, গত ২৫ জুলাই রাত প্রায় ১১টার দিকে কাটাখালী থানার চককাপাশিয়া মধ্যপাড়া এলাকায় অভিযান চালিয়ে টনি (২০) ও রাসেল মণ্ডল (২৮) নামে দুজনকে গ্রেপ্তার করা হয়। এ সময় টনির কাছ থেকে বিক্রির উদ্দেশ্যে রাখা ১০০টি ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। প্রাথমিক তদন্তে জানা গেছে, রাসেল ইয়াবা বিক্রিতে টনিকে সহযোগিতা করছিলেন।
এরপর ২৬ জুলাই সকাল পৌনে ৭টার দিকে চন্দ্রিমা থানার কেচুয়াতৈল এলাকায় অভিযান চালিয়ে নুর ইসলাম (৩০) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। তার দেহ তল্লাশি করে ১২টি ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
একই দিন রাত পৌনে ৯টার দিকে মেহেরচণ্ডী উত্তরপাড়া এলাকায় অভিযান চালিয়ে ফরিদ আলী (২৬) ও রফিকুল ইসলাম রকি (১৯)-কে গ্রেপ্তার করে পুলিশ। এ সময় ফরিদের কাছ থেকে ১১টি ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। পুলিশের ভাষ্য, রকি ট্যাপেন্টাডল বিক্রির কাজে ফরিদকে সহযোগিতা করছিলেন।
এ ছাড়া রাত সোয়া ১২টার দিকে মেহেরচণ্ডী পূর্বপাড়া এলাকায় আরেকটি অভিযানে শফিকুল ইসলাম (৪৬)-কে গ্রেপ্তার করা হয়। তার দেহ তল্লাশি করে বিক্রির উদ্দেশ্যে রাখা আরও ৯টি ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়।
আরএমপি জানিয়েছে, গ্রেপ্তার হওয়া ছয়জনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা দায়ের করা হয়েছে। পরে তাদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। মহানগরীতে মাদক নির্মূলে পুলিশের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।
