
নিজস্ব প্রতিবেদক:
রাজশাহী মহানগরীর বিভিন্ন এলাকায় পৃথক মাদকবিরোধী অভিযান চালিয়ে নারীসহ ১১ জনকে গ্রেপ্তার করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) বিভিন্ন থানা। এ সময় তাঁদের কাছ থেকে ট্যাপেন্টাডল ও ইয়াবা ট্যাবলেট, গাঁজা ও চোলাই মদ উদ্ধার করা হয়েছে। পাশাপাশি মাদক বিক্রির নগদ টাকা ও একটি ডিজিটাল ওজন মাপার যন্ত্র জব্দ করা হয়।
আরএমপি সূত্রে জানা গেছে, গত ২১ ও ২২ আগস্ট রাজপাড়া, বোয়ালিয়া, দামকুড়া, কাশিয়াডাঙ্গা, কাটাখালি ও কর্ণহার থানা-পুলিশ পৃথক এসব অভিযান চালায়।
২১ আগস্ট রাত ১১টার দিকে রাজপাড়া থানা-পুলিশ বহরমপুরের মানিক ভিলা এলাকায় মাহাদী অর্পনের (২০) বাড়িতে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করে। তাঁর কাছ থেকে বিক্রির উদ্দেশ্যে রাখা ১০টি ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়।
পরদিন দুপুর আড়াইটার দিকে বোয়ালিয়া থানা-পুলিশ সুজানগর এলাকায় অভিযান চালিয়ে জসীম উদ্দিন (৩০) ও তোফায়েল খান তুষারকে (২৪) গ্রেপ্তার করে। এ সময় জসীমের কাছ থেকে ২৭টি ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। পুলিশের ভাষ্য, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার দুজন দীর্ঘদিন ধরে পরস্পরের সহযোগিতায় মাদক ব্যবসা করার কথা স্বীকার করেছেন।
দামকুড়া থানা-পুলিশ সন্ধ্যা সাড়ে সাতটার দিকে ভিমের ডাইং গ্রামের গুলিতলা ব্রিজ এলাকায় অভিযান চালিয়ে মহিন্দর (৫৫) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করে। তাঁর কাছ থেকে ১০ লিটার চোলাই মদ উদ্ধার করা হয়। এ সময় শামীম (৪৫) নামের আরেক ব্যক্তি পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যান।
কাশিয়াডাঙ্গা থানা-পুলিশ বিকেল সোয়া চারটার দিকে সেন্টাপাড়া এলাকায় অভিযান চালিয়ে বিপ্লব হোসেনকে (২৪) গ্রেপ্তার করে। তাঁর কাছ থেকে বিক্রির উদ্দেশ্যে রাখা ৫০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
এর আগে একই দিন দুপুর সোয়া দুইটার দিকে আলীগঞ্জ পশ্চিপাড়া এলাকায় অভিযান চালিয়ে শামিম আহমেদ সুমন (৩০), রবিউল ইসলাম (২৬) ও এনামুল হককে (৪২) গ্রেপ্তার করে কাশিয়াডাঙ্গা থানা-পুলিশ। এ সময় তাঁদের কাছ থেকে ২৪টি ট্যাপেন্টাডল ট্যাবলেট ও মাদক বিক্রির ১ হাজার ৫১০ টাকা জব্দ করা হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে নাসিম হোসেন (২৮) নামের আরেক ব্যক্তি পালিয়ে যান। পুলিশের তথ্য অনুযায়ী, গ্রেপ্তার শামিমের বিরুদ্ধে কাশিয়াডাঙ্গা ও কর্ণহার থানায় দুটি মাদক মামলা রয়েছে।
২১ আগস্ট রাত সাড়ে ১০টার দিকে কাটাখালি থানা-পুলিশ রনহাট পশ্চিমপাড়া এলাকায় অভিযান চালিয়ে রবিউল সানিকে (২১) গ্রেপ্তার করে। তাঁর কাছ থেকে আটটি ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়।
একই দিন রাত ১১টার দিকে কর্ণহার থানা-পুলিশ তেতুলিয়া গ্রামে সেলিম রেজা ওরফে রাজুর (৩৪) বাড়িতে অভিযান চালিয়ে তাঁকে ও তাঁর স্ত্রী রোসমিন আক্তারকে (৩০) গ্রেপ্তার করে। রাজুর কাছ থেকে ২০টি ইয়াবা ট্যাবলেট এবং রোসমিনের কাছ থেকে ১০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। এ সময় একটি ডিজিটাল ওজন মাপার যন্ত্রও জব্দ করা হয়।
পুলিশের তথ্য অনুযায়ী, রাজুর বিরুদ্ধে রাজশাহী মহানগরীর বিভিন্ন থানা ও তানোর থানায় মাদকসহ বিভিন্ন অপরাধে মোট নয়টি মামলা রয়েছে।
আরএমপি জানিয়েছে, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা করা হয়েছে। পরে তাঁদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। পাশাপাশি পলাতক ব্যক্তিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
