আজ- , ,

রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জে এসআরবি-৫-এর পৃথক অভিযান, ২ পিস্তল ও ৮ কোটি টাকার হেরোইন উদ্ধার

by Prokash Kal

নিজস্ব প্রতিবেদক :
রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জে পৃথক দুটি অভিযান চালিয়ে দুটি বিদেশি পিস্তল, গুলি, ম্যাগাজিন ও ৮ কেজির বেশি হেরোইন উদ্ধার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-৫। এসব অভিযানে অস্ত্র ও মাদক কারবারে জড়িত থাকার অভিযোগে চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। উদ্ধার করা হেরোইনের আনুমানিক বাজারমূল্য প্রায় ৮ কোটি টাকা।
এসআরবি-৫ সূত্রে জানা গেছে, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ২৩ নভেম্বর দিবাগত রাতে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার রানীনগর হাট এলাকায় অভিযান চালায় এসআরবি-৫-এর একটি আভিযানিক দল। এ সময় আহসান আলী ও আব্দুর রহিম নামে দুজনকে গ্রেপ্তার করা হয়।
অভিযানে তাঁদের কাছ থেকে যুক্তরাষ্ট্রে তৈরি দুটি বিদেশি পিস্তল, ৯ রাউন্ড গুলি, চারটি ম্যাগাজিন এবং অস্ত্র কেনাবেচার ১ লাখ ৪০ হাজার ৭০০ টাকা উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার দুজন অস্ত্র কেনাবেচার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন বলে জানিয়েছে সংস্থাটি।
এসআরবি-৫-এর তথ্য অনুযায়ী, আহসান আলীর বিরুদ্ধে শিবগঞ্জ থানায় অস্ত্র, পাসপোর্ট জালিয়াতি ও গুরুতর জখমের অভিযোগে তিনটি মামলা রয়েছে। অন্যদিকে আব্দুর রহিমের বিরুদ্ধে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মতিঝিল থানায় বিশেষ ক্ষমতা আইনে জাল টাকা-সংক্রান্ত একটি মামলা রয়েছে।
অন্যদিকে, একই রাতে রাজশাহী মহানগরীর শাহমখদুম থানার নওদাপাড়া এলাকায় আরেকটি অভিযান পরিচালনা করে এসআরবি-৫। গোপন সংবাদের ভিত্তিতে চালানো এ অভিযানে মোছা. ময়না বেগম ও শাহাদত হোসেনকে গ্রেপ্তার করা হয়। পরে তাঁদের ভাড়া বাসায় তল্লাশি চালিয়ে ৮ কেজি ৩০৯ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। উদ্ধার করা এই মাদকের আনুমানিক বাজারমূল্য প্রায় ৮ কোটি টাকা।
এসআরবি-৫ জানিয়েছে, প্রাথমিক জিজ্ঞাসাবাদে ময়না বেগম ও শাহাদত হোসেন মাদক কারবারে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। তাঁদের বিরুদ্ধে টাঙ্গাইলের কালিহাতী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আগের মামলা রয়েছে। এ ঘটনায় তাঁদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।
এদিকে, গত ছয় মাসে এসআরবি-৫-এর অভিযানে প্রায় ৪০ কেজি হেরোইন, ৪ হাজার ৯২২ বোতল ফেনসিডিল, প্রায় ২৭ হাজার ইয়াবা, ৫০৬ কেজি গাঁজা ও ১৬ হাজার পিস ট্যাপেন্টাডল উদ্ধার করা হয়েছে। একই সময়ে ১৭টি অস্ত্র, ৭১ রাউন্ড গুলি, ২৫৫টি ককটেল ও প্রায় ১৬ কেজি গানপাউডার উদ্ধার করা হয়। এসব অপরাধে জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে ৯ জনকে।
এসআরবি-৫ জানিয়েছে, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, আইনের শাসন সমুন্নত রাখা এবং নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করতে অপরাধবিরোধী অভিযান অব্যাহত থাকবে। অপরাধ দমনে সাধারণ মানুষের সহযোগিতাও কামনা করেছে সংস্থাটি।

Share this news as a Photo Card

You may also like

Leave a Comment

শিরোনাম:
23 November 2026

রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জে এসআরবি-৫-এর পৃথক অভিযান, ২ পিস্তল ও ৮ কোটি টাকার হেরোইন উদ্ধার

www.prokashkal.com |
/Prokashkal