
মোঃ শাহান আলী,শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি:
সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার একটি বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে বিদ্যালয়ে পরীক্ষা চলাকালে মদ্যপ অবস্থায় অসদাচরণ করার অভিযোগ উঠেছে। এ সময় স্থানীয় সাংবাদিকরা ঘটনাস্থলে গেলে তাদের প্রতিও তিনি আপত্তিকর মন্তব্য ও অনাকাঙ্ক্ষিত প্রস্তাব দেন বলে অভিযোগ রয়েছে। পরে স্বজনরা এসে তাকে বাড়িতে নিয়ে যান।
ঘটনাটি গত ২ জুলাই শাহজাদপুর উপজেলার নুকালি বহুপ্বার্শিক উচ্চ বিদ্যালয়ে ঘটে বলে জানা গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, বিদ্যালয়ের প্রধান শিক্ষক রুহুল আমিন দীর্ঘদিন ধরে ওই প্রতিষ্ঠানে দায়িত্ব পালন করছেন। বিদ্যালয়ের পাশেই তার বাড়ি হওয়ায় এলাকায় তার প্রভাব রয়েছে বলে স্থানীয়দের দাবি। অভিযোগ রয়েছে, তিনি মাঝে-মধ্যেই বিদ্যালয়ে এসে প্রধান শিক্ষকের কক্ষে মদ্যপান করেন এবং অস্বাভাবিক আচরণ করেন। তবে এসব অভিযোগের বিষয়ে আগে কোনো আনুষ্ঠানিক ব্যবস্থা নেওয়া হয়নি বলে স্থানীয়রা জানান।
অভিযোগ অনুযায়ী, ঘটনার দিন বিদ্যালয়ে পরীক্ষা চলাকালে প্রধান শিক্ষক মদ্যপ অবস্থায় নিজ কার্যালয়ে প্রবেশ করেন এবং উচ্চস্বরে চিৎকার-চেঁচামেচি ও অস্বাভাবিক আচরণ শুরু করেন। এতে পরীক্ষা চলাকালে শিক্ষার্থী ও শিক্ষকদের মধ্যে আতঙ্কের সৃষ্টি হয়।
খবর পেয়ে স্থানীয় কয়েকজন সংবাদকর্মী বিদ্যালয়ে গিয়ে ভিডিও ধারণ শুরু করলে প্রধান শিক্ষক সাংবাদিকদের উদ্দেশে আপত্তিকর ভাষা ব্যবহার করেন এবং দৌলতদিয়া পতিতালয়ে নিয়ে যাওয়ার প্রস্তাব দেন বলেও অভিযোগ রয়েছে।
পরে বিদ্যালয় কর্তৃপক্ষের পক্ষ থেকে তার স্বজনদের খবর দেওয়া হলে তারা এসে তাকে বাড়িতে নিয়ে যান।
ঘটনার পর স্থানীয় বাসিন্দারা বিদ্যালয়ে এমন ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন। তাদের দাবি, একটি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান শিক্ষকের এমন আচরণ প্রতিষ্ঠানের ভাবমূর্তি ক্ষুণ্ন করেছে এবং শিক্ষার্থীদের ওপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে। তারা অভিযোগের সুষ্ঠু তদন্ত করে প্রয়োজনীয় প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।
তবে এ বিষয়ে প্রধান শিক্ষক রুহুল আমিনের বক্তব্য পাওয়া যায়নি
