
নিজস্ব প্রতিবেদক:
শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী উপলক্ষে রাজশাহীতে বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট রাজশাহী মহানগর কমিটির উদ্যোগে শুক্রবার (৪ সেপ্টেম্বর) বিকেলে এ শোভাযাত্রার আয়োজন করা হয়।
শোভাযাত্রায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক ও রাজশাহী মহানগর বিএনপির সাধারণ সম্পাদক মো. মাহফুজুর রহমান রিটন।
জন্মাষ্টমী উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা জানিয়ে তিনি বলেন, সাম্প্রদায়িক সম্প্রীতি, ভ্রাতৃত্ব ও শান্তিপূর্ণ সহাবস্থান বজায় রাখতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
শোভাযাত্রা চলাকালে বৃষ্টি শুরু হলেও বৃষ্টিতে ভিজেই এতে অংশ নেন মাহফুজুর রহমান রিটন। আয়োজকদের সঙ্গে নিয়ে তিনি শোভাযাত্রায় অংশগ্রহণ করেন। তাঁর এ অংশগ্রহণে নেতাকর্মী ও শোভাযাত্রায় অংশ নেওয়া মানুষের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।
শোভাযাত্রায় বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট রাজশাহী মহানগর কমিটির সভাপতি অচিন্ত্য কুমার বিশ্বাস সান্টু, সাধারণ সম্পাদক অশোক কুমার সাহাসহ সংগঠনের নেতাকর্মী এবং সনাতন ধর্মাবলম্বী বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
পরে বর্ণাঢ্য শোভাযাত্রাটি নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
