আজ- শনিবার, ৫ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ২১শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

রাজশাহীতে হোয়াটসঅ্যাপ আইডিতে কর্মকর্তাদের ভয় দেখিয়ে টাকা দাবি, গ্রেপ্তার ২

by Prokash Kal

রাজশাহী প্রতিনিধি

রাজশাহী মহানগরীর বোয়ালিয়া থানা এলাকায় পৃথক অভিযান চালিয়ে ভুয়া পরিচয়ে প্রতারণার অভিযোগে এক সাইবার অপরাধী ও ৩৩৬টি ইয়াবাসহ এক নারী মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৫।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—শরিফুল ইসলাম (২৭) ও জেসমিন পারভিন রচনা (১৯)।

শুক্রবার দুপুরে র‌্যাব-৫ সদর দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

র‌্যাব জানায়, শরিফুল ইসলাম পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা, সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা এবং বিভিন্ন সরকারি কর্মকর্তার নাম, পদবি ও ছবি ব্যবহার করে ভুয়া হোয়াটসঅ্যাপ আইডি খুলে প্রতারণা করে আসছিলেন। এসব আইডি ব্যবহার করে বিভিন্ন কর্মকর্তাকে ফোন ও মেসেজ পাঠিয়ে মামলার ভয় দেখিয়ে টাকা দাবি করতেন তিনি।

র‌্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে শরিফুল জানান, বরিশাল রেঞ্জ ডিআইজি কার্যালয়ের ক্রাইম অ্যান্ড অপারেশনস শাখার অতিরিক্ত ডিআইজি হুমায়ুন কবিরের নাম, পদবি ও ছবি ব্যবহার করে অন্যের নামে নিবন্ধিত সিমকার্ড দিয়ে হোয়াটসঅ্যাপ আইডি খুলেছিলেন তিনি। পরে ওই পরিচয়ে প্রশাসন ক্যাডারের কর্মকর্তা, পুলিশ ও সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা, জেলা ও দায়রা জজ এবং আইনজীবীদের ফোন ও মেসেজ করে বিভিন্ন মামলার ভয় দেখিয়ে টাকা দাবি করতেন।

র‌্যাব আরও জানায়, শরিফুল ঢাকা ও রাজশাহী মহানগরসহ দেশের বিভিন্ন এলাকায় অবস্থান করে অন্যের নামে নিবন্ধিত সিমকার্ড ও ইলেকট্রনিক ডিভাইস ব্যবহার করে অনলাইন প্রতারণা চালিয়ে আসছিলেন। তাঁর বিরুদ্ধে এর আগেও পুলিশ কর্মকর্তার পরিচয়ে একই ধরনের প্রতারণার অভিযোগে সাইবার সুরক্ষা অধ্যাদেশে একাধিক মামলা রয়েছে। এসব মামলায় গ্রেপ্তার হয়ে জামিনে মুক্তির পর তিনি পুনরায় একই ধরনের অপরাধে জড়ান বলে জানিয়েছে র‌্যাব।

গোপন সংবাদের ভিত্তিতে ও তথ্যপ্রযুক্তির সহায়তায় বৃহস্পতিবার রাতে বোয়ালিয়া থানার রানীনগর পানির ট্যাংকি এলাকায় অভিযান চালিয়ে শরিফুলকে গ্রেপ্তার করা হয়।

অন্যদিকে, বৃহস্পতিবার রাত ১০টার দিকে বোয়ালিয়া থানার সাগরপাড়া এলাকায় অভিযান চালিয়ে জেসমিন পারভিন রচনাকে গ্রেপ্তার করা হয়। র‌্যাবের দাবি, তিনি দীর্ঘদিন ধরে নগরের বিভিন্ন এলাকায় ইয়াবাসহ বিভিন্ন ধরনের মাদক বিক্রি করে আসছিলেন। তাঁর দেহ তল্লাশি করে ৩৩৬টি ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

জেসমিন নগরের হাদির মোড় বৌবাজার এলাকার নিয়াজ একবাল স্বপনের মেয়ে।

বোয়ালিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাছুমা মুস্তারী বলেন, র‌্যাবের অভিযানে সাইবার অপরাধী শরিফুল ইসলাম ও মাদক ব্যবসায়ী জেসমিন পারভিন রচনাকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের বিরুদ্ধে আইনগত কার্যক্রম শেষে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

You may also like

Leave a Comment

শিরোনাম: