
শাহান আলী, শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি:
সিরাজগঞ্জের শাহজাদপুরে স্ত্রীর স্বীকৃতির দাবিতে প্রেমিকের বাড়িতে অনশন করছেন আয়শা ইসলাম উর্মি নামের এক কলেজছাত্রী। তিনি শাহজাদপুর সরকারি কলেজের এইচএসসি পরীক্ষার্থী এবং উপজেলার নরিনা ইউনিয়নের বাসিন্দা।
জানা গেছে, আয়শা ইসলাম উর্মি উপজেলার রাউতারা গ্রামের যুবক রাজের সঙ্গে দেড় বছর ধরে প্রেমের সম্পর্কে জড়িত ছিলেন। তাদের প্রেমের সম্পর্ক গভীর হওয়ার পর স্থানীয় একটি রেস্টুরেন্টে বন্ধুদের উপস্থিতিতে স্ট্যাম্পে স্বাক্ষর করে তারা বিয়ে করেন। পরে তারা শারীরিক সম্পর্কেও জড়িয়ে পড়েন। সম্পর্কের একপর্যায়ে আয়শা গর্ভবতী হলে উভয়ে মিলে একটি স্থানীয় ক্লিনিকে গর্ভপাত করান।
পরবর্তীতে উভয় পরিবারের মধ্যে আলোচনা হয় এবং সংসার শুরু করার বিষয়ে সম্মতি তৈরি হয়। কিন্তু রাজ সময়ক্ষেপণ করতে থাকেন ও নানা অজুহাতে বিষয়টি এড়িয়ে যান। আয়শা বিষয়টি বুঝতে পেরে রাজকে চাপ দিলে সে তাদের বৈবাহিক সম্পর্ক অস্বীকার করে।
বিষয়টি কলেজের শিক্ষক ও সহপাঠীদের মধ্যে জানাজানি হলে আয়শা সামাজিক ও মানসিক চাপে পড়ে যান। এইচএসসি পরীক্ষা শেষ হওয়ার পর তিনি প্রেমিক রাজের বাড়িতে গিয়ে স্ত্রীর স্বীকৃতির দাবিতে অনশন শুরু করেন।
আয়শা অভিযোগ করেন, রাজের পরিবার তাকে ভয়ভীতি দেখানোসহ শারীরিকভাবে লাঞ্ছিত করার চেষ্টা করেছে এবং একপর্যায়ে পুরো পরিবার বাড়ি ছেড়ে আত্মগোপনে চলে যায়। আয়শা দৃঢ় কণ্ঠে বলেন, স্ত্রীর স্বীকৃতি না পাওয়া পর্যন্ত তিনি রাজের বাড়ি ছাড়বেন না, প্রয়োজনে আত্মাহুতি দেবেন।
স্থানীয় ইউপি সদস্য মোঃ শহিদুল ইসলাম জানান, মেয়েটি সত্যিই বেশ কয়েকদিন ধরে ওই বাড়িতে অবস্থান করছে ও অনশন করছে। প্রেমিক রাজ পলাতক থাকায় আপাতত কোনো সমাধান দেওয়া যাচ্ছে না। মেয়েটির নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনিক সহযোগিতা নেওয়া হচ্ছে।
এ বিষয়ে শাহজাদপুর থানার পোতাজিয়া বিটের দায়িত্বপ্রাপ্ত এসআই এরশাদুল হক বলেন, “ঘটনাটি আমরা অবগত হয়েছি এবং স্থানীয় সমাজসেবা অফিসকে বিষয়টি জানানো হয়েছে। তারা প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবেন।”
ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে। স্থানীয় জনসাধারণ দ্রুত এই সমস্যার সমাধানে প্রশাসনের কার্যকর হস্তক্ষেপ কামনা করছেন।
