আজ- বুধবার, ১৫ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

রাজশাহী-২ আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশের নতুন প্রার্থী ঘোষণা

by Prokash Kal
৪৭৫ views

নিজস্ব প্রতিবেদক:
রাজশাহী-২ (সদর) আসনে নতুন প্রার্থী ঘোষণা করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। আজ দলটির আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম (পীর সাহেব চরমোনাই) আনুষ্ঠানিকভাবে আমানা বিগ বাজারের ব্যবস্থাপনা পরিচালক ড. মো. ফজলুল করিমের হাতে দলীয় প্রতীক ও মনোনয়ন ফরম তুলে দেন।

এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব হাফেজ মাওলানা অধ্যক্ষ ইউনুছ আহমদ, প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক আশরাফ আলী আকন, সহকারী মহাসচিব মাওলানা আহমদ আবদুল কাইয়ুমসহ দলের কেন্দ্রীয় পর্যায়ের অন্যান্য দায়িত্বশীল নেতৃবৃন্দ।

উল্লেখ্য, গত ১০ আগস্ট রাজশাহীতে অনুষ্ঠিত এক সমাবেশে আলহাজ্ব মুহাম্মদ ফয়সাল হোসেন মনিকে রাজশাহী-২ আসনের প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়েছিল।

নব মনোনীত প্রার্থী ড. মো. ফজলুল করিম প্রকাশকালকে বলেন, তিনি দুর্নীতি, সন্ত্রাস, চাঁদাবাজি ও মাদকমুক্ত একটি ইনসাফভিত্তিক কল্যাণরাষ্ট্র গঠনে নিরলসভাবে কাজ করে যাবেন। তিনি বলেন, শিক্ষা ব্যবস্থার আমূল পরিবর্তনের মাধ্যমে চরিত্র গঠনমূলক শিক্ষা চালু করা হবে, যেখানে ইসলামী মূল্যবোধের সঙ্গে আধুনিক পদ্ধতির সমন্বয় ঘটিয়ে একটি নৈতিক ও মানবিক সমাজ গড়ে তোলা হবে। এভাবে দেশ ও দেশের মানুষকে একটি সুন্দর ও শান্তিময় ‘জান্নাতী পরিবেশ’ উপহার দেওয়াই তাঁর লক্ষ্য।

তিনি আরও বলেন, তাঁর মূল উদ্দেশ্য এমপি বা মন্ত্রী হওয়া নয় বরং এদেশে ইসলামকে সর্বোচ্চ আসনে প্রতিষ্ঠা করাই তাঁর সংগ্রামের মূল লক্ষ্য। বর্তমানে যে আটটি দল ইসলামকে ধারণ করে দেশে ইসলামী শাসনব্যবস্থা প্রতিষ্ঠার স্বপ্ন দেখছে, সেই স্বপ্নকে বাস্তবায়ন করার আমিও একজন কর্মী।

You may also like

Leave a Comment

শিরোনাম: