
নিজস্ব প্রতিবেদক:
বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তাঁর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী রাজশাহী মহানগরীর ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সম্পাদক ও রাজশাহী-৩ আসনের জামায়াতে ইসলামীর মনোনীত সংসদ সদস্য প্রার্থী অধ্যাপক আবুল কালাম আজাদ।
মঙ্গলবার (৩০ ডিসেম্বর) এক শোক বিবৃতিতে তিনি মরহুমার রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবার-পরিজন, আত্মীয়-স্বজন, সহকর্মী, গুণগ্রাহী ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জানান।
গভীর শোক প্রকাশ করে তিনি বলেন, বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ছিলেন একজন দূরদর্শী রাজনীতিবিদ, দেশপ্রেমিক ও সাহসী কণ্ঠস্বর। তিনি দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব, ইসলামী মূল্যবোধ ও দেশের স্বার্থ রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। তার মৃত্যুতে জাতি একজন অভিজ্ঞ ও সংগ্রামী নেতাকে হারালো। এই শূন্যতা সহজে পূরণ হওয়ার নয়। আমি মরহুমার রুহের মাগফিরাত কামনা করছি এবং মহান আল্লাহর দরবারে দোয়া করছি, তিনি যেন তাকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন।
তিনি আরও বলেন, বাংলাদেশের স্বাধীনতা, গণতন্ত্র যখনই বিপদে পড়েছে তখন বেগম জিয়া তার সমস্ত শক্তি নিয়ে দেশ ও জনগণের পাশে অবস্থান নিয়েছেন। যে কারণে মানুষ তাকে মা, মাটি ও মানুষের নেত্রী হিসেবে জানে।
উল্লেখ্য, বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সকাল ৬টার দিকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। মৃত্যুকালে বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বয়স হয়েছিল ৮০ বছর। তিনি এক ছেলেসহ অসংখ্য আত্মীয়-স্বজন, সহকর্মী, গুণগ্রাহী ও শুভানুধ্যায়ী রেখে গেছেন। জানা যায়, গত ২৩ নভেম্বর থেকে তিনি এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। দীর্ঘদিন ধরে তিনি ডায়াবেটিস, কিডনি, হৃদযন্ত্র ও ফুসফুসজনিত নানা শারীরিক জটিলতায় ভুগছিলেন।
