আজ- বুধবার, ১৩ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

ফেসবুকে ‘জিনের চিকিৎসা’ নামে প্রতারণার মামলায় কবিরাজ রিমান্ডে

by Prokash Kal
৩২ views

নিজস্ব প্রতিবেদক :
ফেসবুকে ‘জিনের মাধ্যমে দাম্পত্য সমস্যা সমাধান’ করার প্রলোভন দেখিয়ে এক নারীর কাছ থেকে নগদ টাকা ও স্বর্ণালংকার হাতিয়ে নেওয়ার মামলায় প্রতারক চক্রের অন্যতম সদস্য তপু আকুন্জি (৩৫) কে এক দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ।

সোমবার (১১ মে) সকালে রাজশাহী মহানগর পুলিশের চন্দ্রিমা থানার তদন্ত কর্মকর্তা এসআই মাসুদ তাকে রাজশাহী মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত-৫ এ হাজির করে পাঁচ দিনের রিমান্ড আবেদন করেন। শুনানি শেষে আদালতের বিচারক হাসিবুর রহমান এক দিনের রিমান্ড মঞ্জুর করেন।

গ্রেপ্তার তপু আকুন্জি কিশোরগঞ্জ জেলার করিমগঞ্জ থানার ইসলামপাড়া গ্রামের বাসিন্দা। এর আগে গত ৫ মে র‍্যাব ও আরএমপির যৌথ অভিযানে তাকে কিশোরগঞ্জ থেকে গ্রেপ্তার করা হয়।

মামলা সূত্রে জানা যায়, দাম্পত্য কলহের কারণে আলাদা থাকা এক নারী চলতি বছরের ১ এপ্রিল ফেসবুকে “মাওলানা আব্দুর সিদ্দিকুর রহমান” নামের একটি আইডিতে দাম্পত্য সমস্যা সমাধানের বিজ্ঞাপন দেখে যোগাযোগ করেন। পরে প্রতারক চক্রটি ‘জিনের মাধ্যমে সমাধান’ দেওয়ার কথা বলে ওই নারীর ব্যক্তিগত তথ্য, গোপন ছবি ও ভিডিও সংগ্রহ করে।

একপর্যায়ে ‘নূর জাহান পাথর’, ‘দাফনের কাপড়’ ও বিভিন্ন ধর্মীয় সামগ্রী কেনার কথা বলে বিকাশের মাধ্যমে একাধিক দফায় টাকা নেওয়া হয়। পরে রাজশাহীর মেহেরচণ্ডি ফ্লাইওভার এলাকায় ডেকে নিয়ে ভুক্তভোগীর কাছ থেকে প্রায় ২ লাখ ৮৫ হাজার টাকার স্বর্ণালংকার ও ৮০ হাজার টাকা নগদ হাতিয়ে নেয় চক্রটি। সব মিলিয়ে প্রায় ৩ লাখ ৮০ হাজার ৭০০ টাকা আত্মসাৎ করা হয় বলে অভিযোগ রয়েছে।

এছাড়া আরও টাকা না দিলে কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) ব্যবহার করে অশ্লীল ছবি তৈরি করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকিও দেওয়া হয় বলে মামলায় উল্লেখ করা হয়েছে। এ ঘটনায় গত ১৯ এপ্রিল রাজশাহী মহানগরীর চন্দ্রিমা থানায় মামলা দায়ের করেন ভুক্তভোগী নারী।

You may also like

Leave a Comment

শিরোনাম: