
নিজস্ব প্রতিবেদক:
ডেঙ্গু প্রতিরোধ এবং মশার প্রজনন নিয়ন্ত্রণে দুই সপ্তাহব্যাপী বিশেষ পরিচ্ছন্নতা অভিযান, ফগার মেশিনে কীটনাশক স্প্রে ও লার্ভিসাইড প্রয়োগ কার্যক্রম শুরু করেছে রাজশাহী সিটি করপোরেশন (রাসিক)।
বুধবার (১০ জুন) বেলা সাড়ে ১১টায় নগরীর উপশহর মোড়ে এ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন রাসিকের প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটন। এ সময় তিনি ফগার মেশিনে কীটনাশক স্প্রে কার্যক্রমের উদ্বোধন করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে রাসিক প্রশাসক বলেন, পরিচ্ছন্ন ও স্বাস্থ্যসম্মত নগরী গড়ে তোলার লক্ষ্যে রাজশাহী সিটি করপোরেশন নিরলসভাবে কাজ করছে। ডেঙ্গু প্রতিরোধে আগাম প্রস্তুতির অংশ হিসেবে বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে। এরই ধারাবাহিকতায় দুই সপ্তাহব্যাপী বিশেষ পরিচ্ছন্নতা ও মশক নিয়ন্ত্রণ কার্যক্রম শুরু করা হয়েছে। এর আগে গত ৬ জুন ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতামূলক র্যালির আয়োজন করা হয়।
তিনি বলেন, ‘ডেঙ্গু একটি মারাত্মক মশাবাহিত রোগ হলেও সচেতনতা ও সম্মিলিত উদ্যোগের মাধ্যমে এটি প্রতিরোধ করা সম্ভব। তাই নগরবাসীকে নিজ নিজ বাড়ির আঙিনা ও আশপাশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে হবে। ফুলের টব, ভাঙা পাত্র, পরিত্যক্ত টায়ার, টিনের কৌটা, ডাব-নারিকেলের খোসাসহ যেকোনো স্থানে পানি জমতে দেওয়া যাবে না। মশার প্রজননস্থল ধ্বংসে সবাইকে সচেতন হতে হবে।’
তিনি নগরবাসীর সহযোগিতা কামনা করে রাজশাহীকে একটি পরিচ্ছন্ন, সুন্দর ও স্বাস্থ্যকর নগরী হিসেবে গড়ে তোলার আহ্বান জানান।
অনুষ্ঠানে রাসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ রেজাউল করিম, প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা শেখ মোঃ মামুন, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা এফ.এ.এম. আঞ্জুমান আরা বেগম, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নাজমুল আলম, উপ-প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা সেলিম রেজা রঞ্জুসহ পরিচ্ছন্ন বিভাগের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
রাসিকের পরিচ্ছন্ন বিভাগ জানিয়েছে, প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটনের নির্দেশনায় মহানগরীর ৩০টি ওয়ার্ডে ড্রেন, আন্ডারগ্রাউন্ড ড্রেন, ডোবা, ঝোপ-জঙ্গল ও মশার প্রজননস্থলে ফগার মেশিনে কীটনাশক স্প্রে এবং লার্ভিসাইড প্রয়োগ করা হবে।
কর্মপরিকল্পনা অনুযায়ী প্রতিদিন পাঁচটি করে ওয়ার্ডে দুই সপ্তাহব্যাপী (দুই সাইকেল) এ কার্যক্রম চলবে। এছাড়া প্রতি মঙ্গলবার সরকারি, আধা-সরকারি, শিক্ষা ও সেবামূলক প্রতিষ্ঠান এবং প্রাপ্ত অভিযোগের ভিত্তিতে বিশেষ ফগিং অভিযান পরিচালনা করা হবে।
রাসিক জানিয়েছে, ডেঙ্গু নিয়ন্ত্রণে নিয়মিত মশক নিধন কার্যক্রমের পাশাপাশি জনসচেতনতা বৃদ্ধিতেও বিভিন্ন উদ্যোগ অব্যাহত থাকবে।
