
এম এ রশিদ, সাতক্ষীরা প্রতিনিধি:
সাতক্ষীরার শ্যামনগরে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের দিয়ে পানির ট্যাংক পরিষ্কার করানোর অভিযোগ উঠেছে। এ সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তৃতীয় শ্রেণির এক শিক্ষার্থী আহত হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি নিয়ে অভিভাবক ও স্থানীয়দের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে।
বুধবার (২২জুলাই) সকাল প্রায় ১০টার দিকে উপজেলার ১২০ নম্বর দক্ষিণ ছোটকুপট সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে।
আহত শিক্ষার্থী ইয়ামিম হোসেন, বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্র। তার অভিযোগ, শিক্ষিকা নাজমুন নাহারের নির্দেশে কয়েকজন শিক্ষার্থী বিদ্যালয়ের ছাদে উঠে পানির ট্যাংক পরিষ্কার করছিল। এ সময় বিদ্যুতের তারে হাত লেগে সে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আহত হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, ঘটনার পরপরই আহত শিক্ষার্থীকে উদ্ধার করে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হয়।
এ ঘটনায় অভিভাবক ও স্থানীয় বাসিন্দারা ক্ষোভ প্রকাশ করে বলেন, শিক্ষার্থীদের পাঠদানের পরিবর্তে ঝুঁকিপূর্ণ কাজে ব্যবহার করা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। বিদ্যালয় কর্তৃপক্ষের এমন দায়িত্বহীনতার কারণে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারত। তারা ঘটনার সুষ্ঠু তদন্ত এবং দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের দাবি জানান। পাশাপাশি ভবিষ্যতে কোনো শিক্ষার্থীকে বিদ্যালয়ের ঝুঁকিপূর্ণ কাজে ব্যবহার না করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান।
অভিযোগের বিষয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক হেলাল উদ্দিন বলেন, “আহত শিক্ষার্থীর চিকিৎসা চলছে। আমি হাসপাতালে গিয়ে তাকে দেখে এসেছি।
শ্যামনগর উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. এনামুল হক বলেন, বিষয়টি জেনেই আমি হাসপাতালে গিয়ে আহত শিক্ষার্থীকে দেখে এসেছি। উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. আলমগীর হোসেনকে ঘটনাস্থল পরিদর্শন করে তদন্ত প্রতিবেদন দিতে নির্দেশ দেওয়া হয়েছে। তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া গেলে বিধি অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
