আজ- শুক্রবার, ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

রাসিকের পরিচ্ছন্নতা অভিযানে স্বস্তি ফিরছে নগরজীবনে

by Prokash Kal
১৯ views

রাজীব আলী, রাজশাহীঃ রাজশাহী মহানগরের বিভিন্ন ওয়ার্ডে পরিচ্ছন্নতা ও নাগরিক সেবা জোরদারে ধারাবাহিক কার্যক্রম চালিয়ে যাচ্ছে রাজশাহী সিটি কর্পোরেশন (রাসিক)। এর অংশ হিসেবে ১১ নম্বর ওয়ার্ডে দীর্ঘদিন ধরে অচল হয়ে থাকা সেকেন্ডারি ড্রেন থেকে কাদামাটি ও ময়লা-আবর্জনা অপসারণের মাধ্যমে ড্রেনেজ ব্যবস্থা সচল করা হয়েছে। এতে দীর্ঘদিনের জলাবদ্ধতা থেকে স্বস্তি পেয়েছেন স্থানীয় বাসিন্দারা।

বৃহস্পতিবার (২৩ জুলাই) রাসিকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, দায়িত্ব গ্রহণের পর থেকেই রাসিক প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটন নগরীর পরিচ্ছন্নতা, মশক নিয়ন্ত্রণ, ড্রেন সংস্কার ও কাদামাটি অপসারণ, বৃক্ষরোপণ, সবুজায়ন এবং সৌন্দর্যবর্ধন কার্যক্রমকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের নির্দেশনা দিয়ে আসছেন। ওয়ার্ডভিত্তিক নাগরিক সেবার মান বাড়াতে এসব কার্যক্রম নিয়মিত পরিচালিত হচ্ছে।

এরই ধারাবাহিকতায় ১১ নম্বর ওয়ার্ডের বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি) সংলগ্ন এলাকা থেকে সবজিপাড়া, সাহাজিপাড়া, হরিজন পল্লী মন্দিরসংলগ্ন এলাকা এবং হেতেমখাঁ গোরস্থানের দক্ষিণ পাশের বাউন্ডারি ওয়ালসংলগ্ন সেকেন্ডারি ড্রেন পর্যন্ত পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়। দীর্ঘদিন ধরে ড্রেনগুলোতে জমে থাকা কাদামাটি, প্লাস্টিক ও বিভিন্ন ধরনের বর্জ্যের কারণে পানি চলাচল প্রায় বন্ধ হয়ে গিয়েছিল। ফলে অল্প বৃষ্টিতেই সৃষ্টি হতো জলাবদ্ধতা এবং চরম ভোগান্তিতে পড়তেন স্থানীয় বাসিন্দারা।

রাসিকের পরিচ্ছন্নতা বিভাগের কর্মীরা দ্রুততার সঙ্গে ড্রেন থেকে জমে থাকা কাদামাটি ও বর্জ্য অপসারণ করলে পানি প্রবাহ স্বাভাবিক হয়। এতে ড্রেনেজ ব্যবস্থার উন্নতি ঘটার পাশাপাশি জলাবদ্ধতা অনেকাংশে কমে এসেছে। স্থানীয়দের মতে, দীর্ঘদিন পর এলাকায় স্বস্তি ফিরেছে এবং চলাচলও সহজ হয়েছে।

ড্রেন পরিষ্কারের পাশাপাশি হেতেমখাঁ গোরস্থানে দীর্ঘদিন বন্ধ থাকা পানির সংযোগ পুনঃস্থাপন করা হয়েছে। একই সঙ্গে গোরস্থানের বিভিন্ন স্থানে আগাছা ও ঝোপঝাড় পরিষ্কার করে পরিবেশ আরও পরিচ্ছন্ন ও সুশৃঙ্খল করা হয়েছে।

এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। তাঁরা বলেন, নিয়মিতভাবে এ ধরনের পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হলে জলাবদ্ধতা ও পরিবেশগত সমস্যা অনেকটাই কমে আসবে। একই সঙ্গে নগরবাসী আরও উন্নত ও কার্যকর নাগরিক সেবা পাবেন বলে তাঁদের প্রত্যাশা।

You may also like

Leave a Comment

শিরোনাম: