আজ- বৃহস্পতিবার, ৩০শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

রাকসু ভিপির সাংবাদিকদের হুমকির বক্তব্যে রাজশাহী প্রেসক্লাবের তীব্র নিন্দা ও প্রতিবাদ

by Prokash Kal
views

প্রেস বিজ্ঞপ্তি

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) ভিপি মোস্তাকুর রহমান জাহিদের সাংবাদিকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার হুমকির বক্তব্যে গভীর উদ্বেগ, ক্ষোভ ও তীব্র নিন্দা জানিয়েছে রাজশাহী প্রেসক্লাব।

সম্প্রতি রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সংঘটিত সহিংসতা ও নানা অনিয়মের ঘটনা গণমাধ্যমে প্রকাশিত হওয়ার পর সংবাদ সম্মেলন করে সাংবাদিকদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার হুমকি দেওয়ার বিষয়টি আমাদের দৃষ্টিগোচর হয়েছে। একজন নির্বাচিত ছাত্র প্রতিনিধি এবং বিশ্ববিদ্যালয়ের গুরুত্বপূর্ণ একটি ছাত্র সংগঠনের দায়িত্বশীল পদে থেকে সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনের কারণে এ ধরনের হুমকি প্রদান অত্যন্ত দুঃখজনক, অনভিপ্রেত ও নিন্দনীয়। রাজশাহী প্রেসক্লাব এ বক্তব্যের তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাচ্ছে।

গণমাধ্যমের কাজ হলো জনগণের অধিকার, স্বার্থ ও সত্যের পক্ষে দাঁড়ানো। কোনো শিক্ষাপ্রতিষ্ঠান, ব্যক্তি বা সংগঠনের কর্মকাণ্ড নিয়ে জনস্বার্থসংশ্লিষ্ট কোনো ঘটনা ঘটলে সাংবাদিকেরা তা অনুসন্ধান, যাচাই ও বস্তুনিষ্ঠতার সঙ্গে প্রকাশ করবেন—এটাই তাঁদের পেশাগত ও নৈতিক দায়িত্ব। কোনো সংবাদ প্রকাশের কারণে কারও ভাবমূর্তি ক্ষুণ্ন হলে তার দায় সংবাদকর্মীর নয়; বরং সংশ্লিষ্ট কর্মকাণ্ডের দায় সংশ্লিষ্ট ব্যক্তিকেই বহন করতে হবে।

আমরা দ্ব্যর্থহীন ভাষায় বলতে চাই, সাংবাদিকতা কোনো অপরাধ নয়, সত্য প্রকাশ কোনো অপরাধ নয় এবং জনস্বার্থে সংবাদ প্রকাশের কারণে সাংবাদিকদের হুমকি দেওয়া কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। কোনো সংবাদ নিয়ে কারও আপত্তি থাকলে তথ্য ও যুক্তির ভিত্তিতে তার প্রতিবাদ, ব্যাখ্যা বা সংশোধনের দাবি জানানোর সুযোগ রয়েছে। কিন্তু সাংবাদিকদের ভয়ভীতি প্রদর্শন, হুমকি দেওয়া কিংবা তাঁদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার কথা বলা স্বাধীন সাংবাদিকতার ওপর সরাসরি হস্তক্ষেপের শামিল।

বিশ্ববিদ্যালয় একটি মুক্তচিন্তা, যুক্তিবোধ ও গণতান্ত্রিক চর্চার কেন্দ্র। সেখানে একজন নির্বাচিত ছাত্র প্রতিনিধির কাছ থেকে আমরা দায়িত্বশীল, সংযত ও গণতান্ত্রিক আচরণ প্রত্যাশা করি। সাংবাদিকদের ডেকে তাঁদের পেশাগত দায়িত্ব পালনের জন্য হুমকি দেওয়া কিংবা ব্যবস্থা নেওয়ার কথা বলা শুধু সাংবাদিক সমাজের জন্যই উদ্বেগজনক নয়, বরং এটি বিশ্ববিদ্যালয়ের গণতান্ত্রিক পরিবেশ, মুক্ত মতপ্রকাশ ও স্বাধীন সাংবাদিকতার জন্যও অশনিসংকেত।

রাজশাহী প্রেসক্লাব মনে করে, সাংবাদিকদের ভয় দেখিয়ে বা চাপ প্রয়োগ করে কোনো সংবাদ প্রকাশ বন্ধ করা যাবে না। সত্য ও জনস্বার্থের সংবাদ প্রকাশে রাজশাহীর সাংবাদিক সমাজ অতীতেও দায়িত্বশীল ভূমিকা পালন করেছে এবং ভবিষ্যতেও কোনো ব্যক্তি, সংগঠন বা প্রতিষ্ঠানের চাপ, ভয়ভীতি কিংবা হুমকির কাছে নতি স্বীকার করবে না।

আমরা রাকসু ভিপি মোস্তাকুর রহমান জাহিদের বক্তব্যের তীব্র নিন্দা জানিয়ে অবিলম্বে তাঁর দায়িত্বজ্ঞানহীন ও হুমকিমূলক বক্তব্য প্রত্যাহারের দাবি জানাচ্ছি। একই সঙ্গে ভবিষ্যতে সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনে কোনো ধরনের বাধা, চাপ বা ভয়ভীতি প্রদর্শন থেকে বিরত থাকার জন্য সংশ্লিষ্ট সবার প্রতি আহ্বান জানাচ্ছি।

রাজশাহী বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ও প্রশাসনের প্রতি আমাদের জোর দাবি, বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে সাংবাদিকদের স্বাধীন ও নিরাপদ পরিবেশে পেশাগত দায়িত্ব পালনের সুযোগ নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে। একই সঙ্গে কোনো সাংবাদিককে তাঁর পেশাগত দায়িত্ব পালনের কারণে হুমকি বা হয়রানির শিকার হতে না হয়, সে বিষয়েও কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে হবে।

You may also like

Leave a Comment

শিরোনাম: