আজ- বৃহস্পতিবার, ৩০শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

বেলপুকুর থেকে ধর্ষণচেষ্টা মামলার পলাতক আসামি গ্রেপ্তার

by Prokash Kal
১১ views

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী:
রাজশাহীর বেলপুকুর থানা এলাকা থেকে চাঞ্চল্যকর ধর্ষণচেষ্টা মামলার এক পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে র‍্যাব-৫, রাজশাহীর সিপিএসসি (ক্যাম্প)।
র‍্যাব-৫ সূত্রে জানা গেছে, বুধবার (২৯ জুলাই) সন্ধ্যা ৭টা ৪০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে তথ্যপ্রযুক্তির সহায়তায় রাজশাহী মহানগরের বেলপুকুর থানার মাহেন্দ্রা বাজার এলাকায় অভিযান চালানো হয়। অভিযানে দুর্গাপুর থানায় দায়ের করা একটি ধর্ষণচেষ্টা মামলার এজাহারভুক্ত পলাতক আসামি মো. আব্দুল্লাহ (৩০)কে গ্রেপ্তার করা হয়। তিনি রাজশাহীর বেলপুকুর থানার মাহেন্দ্রা গ্রামের মৃত নুরুলের ছেলে।
র‍্যাব জানায়, গত ১৩ জুলাই ভুক্তভোগী এক নারী গাজীপুরে মায়ের বাড়ি থেকে রাজশাহীর দুর্গাপুর উপজেলার হাড়িয়াপাড়ায় স্বামীর বাড়িতে ফিরছিলেন। পথে তিনি একটি অটোরিকশায় ওঠেন। একপর্যায়ে অন্য যাত্রীরা নেমে গেলে চালক আব্দুল্লাহ নির্ধারিত গন্তব্যে না গিয়ে কৌশলে একটি পাটখেতে নিয়ে যান। সেখানে তিনি ভুক্তভোগীকে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা করেন। এ সময় ভুক্তভোগীর গলায় থাকা স্বর্ণের চেইন, কানের দুল এবং কিছু নগদ টাকা ছিনিয়ে নিয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যান বলে অভিযোগ রয়েছে।
এ ঘটনায় ভুক্তভোগী বাদী হয়ে দুর্গাপুর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০-এর ৯(৪)(খ) ধারায় মামলা দায়ের করেন। মামলার পর থেকে আসামি আত্মগোপনে ছিলেন।
র‍্যাব আরও জানায়, দীর্ঘ অনুসন্ধান ও গোয়েন্দা তৎপরতার পর তথ্যপ্রযুক্তির সহায়তায় তার অবস্থান নিশ্চিত করে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। পরে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য গ্রেপ্তার আসামিকে দুর্গাপুর থানায় হস্তান্তর করা হয়েছে।
র‍্যাব জানিয়েছে, আইন-শৃঙ্খলা রক্ষা এবং ধর্ষণ, হত্যা, সন্ত্রাস, মাদক, অস্ত্র ও অন্যান্য গুরুতর অপরাধে জড়িত ব্যক্তিদের আইনের আওতায় আনতে তাদের নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে।

You may also like

Leave a Comment

শিরোনাম: