আজ- রবিবার, ২রা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

গণপরিবহনে আজ থেকে বাধ্যতামূলক হচ্ছে জিপিএস

by Prokash Kal
২৩ views

প্রকাশকাল ডেক্স: 

সড়কে শৃঙ্খলা ফেরাতে ও বেপরোয়া গতি নিয়ন্ত্রণে আজ শনিবার (১ আগস্ট) থেকে দেশের সব গণপরিবহনে জিপিএস (গ্লোবাল পজিশনিং সিস্টেম) ডিভাইস সংযুক্তি ও সচল রাখা বাধ্যতামূলক করেছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। জিপিএস সংযুক্ত ও সচল না থাকলে নতুন রেজিস্ট্রেশন এবং ফিটনেস সনদ প্রদান বা নবায়ন করা হবে না।

বিআরটিএর গণবিজ্ঞপ্তি অনুযায়ী, নতুন গাড়ি রেজিস্ট্রেশন ও ফিটনেস সনদ নেওয়ার সময় জিপিএস সচল থাকার প্রমাণ এবং মোবাইল অ্যাপে তার তথ্য দেখাতে হবে। সড়ক পরিবহন আইন, ২০১৮ এবং বিধিমালা, ২০২২ অনুযায়ী এই নির্দেশনা কার্যকর করা হচ্ছে।

বিআরটিএর চেয়ারম্যান হাবিবুর রহমান জানান, গাড়ি পরীক্ষা করার সময় জিপিএস ডিভাইস সচল আছে কি না, তা যাচাইয়ের ব্যবস্থা রাখা হয়েছে।
এদিকে সরকারের এই উদ্যোগকে স্বাগত জানালেও এটি পুরোপুরি বাস্তবায়নে আরও সময় চেয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতি। সংগঠনের সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম খান জানান, বিভিন্ন কোম্পানির সঙ্গে চুক্তি সম্পন্ন হলেও ১ আগস্টের মধ্যে সব গাড়িতে জিপিএস পুরোপুরি সক্রিয় করা সম্ভব নয়।

খাত সংশ্লিষ্ট ও বিশেষজ্ঞরা বলছেন, জিপিএস চালু হলে বাসের অবস্থান, গতি ও রুট ট্র্যাক করা সহজ হবে। দুর্ঘটনার তদন্ত এবং গাড়ি চুরির মতো ঘটনা প্রতিরোধেও এটি কার্যকর ভূমিকা রাখবে। তবে কেবল প্রযুক্তি সংযোজন করলেই চলবে না; এর কাঙিক্ষত সুফল পেতে নিয়মিত কেন্দ্রীয় তদারকি, আইন প্রয়োগ এবং বিআরটিএর স্বচ্ছতা নিশ্চিত করা জরুরি।

You may also like

Leave a Comment

শিরোনাম: