
নিজস্ব প্রতিবেদক: রাজশাহী বিভাগ ও রাজশাহী মহানগরের বিভিন্ন পুলিশ ইউনিটের কর্মকর্তা ও সদস্যদের সঙ্গে মতবিনিময় করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, এমপি। এ সময় তিনি বলেন, পুলিশ বাহিনীকে রাজনৈতিক প্রভাবমুক্ত রেখে পুলিশ রেগুলেশন অব বেঙ্গল (পিআরবি) ও প্রচলিত আইন অনুযায়ী পরিচালনা করা হচ্ছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে কোনো ধরনের অন্যায্য রাজনৈতিক হস্তক্ষেপ করা হচ্ছে না এবং ভবিষ্যতেও হবে না।
রোববার (২ আগস্ট) বিকেল সাড়ে ৩টায় রাজশাহী পুলিশ লাইন্সের ড্রিল শেডে অনুষ্ঠিত এ মতবিনিময় সভায় পুলিশ সদস্যরা তাঁদের দায়িত্ব পালনের ক্ষেত্রে বিভিন্ন পেশাগত চ্যালেঞ্জ, আবাসন সংকট, কর্মপরিবেশের উন্নয়ন, লজিস্টিক সহায়তা এবং জনসেবার মানোন্নয়নসহ বিভিন্ন বিষয় তুলে ধরেন।
পুলিশ সদস্যদের বক্তব্য মনোযোগ দিয়ে শোনেন স্বরাষ্ট্রমন্ত্রী। পরে তিনি সংশ্লিষ্ট সমস্যাগুলো পর্যায়ক্রমে সমাধানের আশ্বাস দেন এবং পুলিশ সদস্যদের পেশাদারিত্ব, সততা ও জনবান্ধব মনোভাব নিয়ে দায়িত্ব পালনের নির্দেশনা দেন।
বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর জেনারেল (আইজিপি) মো. আলী হোসেন ফকিরের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় স্বাগত বক্তব্য দেন রাজশাহী মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির। শুভেচ্ছা বক্তব্য দেন রাজশাহী রেঞ্জের ডিআইজি মো. আশিক সাইদ।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত আইজিপি (প্রশাসন, গ্রেড-১) এ কে এম আওলাদ হোসেন এবং অতিরিক্ত আইজিপি (অপরাধ ও অপারেশনস) খন্দকার রফিকুল ইসলাম, বিপিএম।
মতবিনিময় সভায় রাজশাহী বিভাগের বিভিন্ন জেলা ও ইউনিটের ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তা এবং বিপুল সংখ্যক পুলিশ সদস্য উপস্থিত ছিলেন। সভায় অংশগ্রহণকারী সদস্যরা পুলিশ বাহিনীর সক্ষমতা বৃদ্ধি, কল্যাণমূলক সুযোগ-সুবিধা সম্প্রসারণ এবং সেবার মান আরও উন্নত করতে সরকারের উদ্যোগকে স্বাগত জানান।
