
নিজস্ব প্রতিবেদক, রাজশাহী:
রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটন নগর ভবনের বিভিন্ন দপ্তর আকস্মিকভাবে পরিদর্শন করেছেন। সোমবার সকালে এ পরিদর্শনকালে তিনি কর্মকর্তা-কর্মচারীদের দাপ্তরিক কার্যক্রম, উপস্থিতি এবং নাগরিক সেবা কার্যক্রমের অগ্রগতি সম্পর্কে খোঁজখবর নেন।
পরিদর্শনের সময় প্রশাসক বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময় করেন এবং সেবাপ্রত্যাশী নাগরিকদের দ্রুত, স্বচ্ছ ও মানসম্মত সেবা নিশ্চিত করতে সর্বোচ্চ আন্তরিকতা, সততা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার নির্দেশনা দেন।
তিনি বলেন, রাজশাহী সিটি করপোরেশন একটি জনসেবামূলক প্রতিষ্ঠান। তাই প্রতিটি কর্মকর্তা-কর্মচারীকে জনস্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দায়িত্ব পালন করতে হবে। নাগরিকদের যেন কোনো ধরনের হয়রানি বা অপ্রয়োজনীয় ভোগান্তির শিকার হতে না হয়, সে বিষয়ে সবাইকে বিশেষভাবে সচেতন থাকার আহ্বান জানান তিনি।
এ সময় তিনি দাপ্তরিক শৃঙ্খলা, সময়ানুবর্তিতা এবং কর্মদক্ষতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করে বলেন, একটি আধুনিক, জবাবদিহিমূলক ও জনবান্ধব সিটি করপোরেশন গড়ে তুলতে সকলকে সমন্বিতভাবে কাজ করতে হবে।
আকস্মিক এ পরিদর্শনের মাধ্যমে নগর ভবনের বিভিন্ন দপ্তরের কার্যক্রম আরও গতিশীল ও সেবামুখী হবে বলে আশা প্রকাশ করেন রাসিক প্রশাসক।
