আজ- বৃহস্পতিবার, ৬ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ২২শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

শ্যামনগরে আদিবাসী জনগোষ্ঠীর ভূমি অধিকার নিয়ে উপজেলা প্রশাসনের সঙ্গে সংলাপ

by Prokash Kal

  এম এ রশিদ, সাতক্ষীরা প্রতিনিধি:

 সাতক্ষীরার শ্যামনগরে আদিবাসী মুন্ডা জনগোষ্ঠীর ভূমি অধিকার সংকট ও সম্ভাবনা নিয়ে উপজেলা প্রশাসনের সঙ্গে এক সংলাপ সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৬ আগস্ট) সকাল ১০টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে বেসরকারি উন্নয়ন সংস্থা লিডার্সের আয়োজনে এ সংলাপ অনুষ্ঠিত হয়।

সংলাপে প্রধান অতিথি ছিলেন শ্যামনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শামসুজ্জাহান কনক। বিশেষ অতিথি হিসেবে ছিলেন সহকারী কমিশনার (ভূমি) রাশেদ হোসাইন এবং সহকারী বন সংরক্ষক (এসিএফ) মশিউর রহমান।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক সামিউল ইমাম আযম মনির সুন্দরবন প্রেসক্লাবের সদস্য সাংবাদিক এম. এ. রশিদ শ্যামনগর ক্যাথলিক মিশনের ফাদার লুই পাজ্জি আদিবাসী মুন্ডা জনগোষ্ঠীর প্রতিনিধিরা স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং লিডার্সের কর্মকর্তারা।

সংলাপে মুন্ডা জনগোষ্ঠীর ভূমির মালিকানা দখল সংরক্ষণ বন ও খাসজমি-সংক্রান্ত বিভিন্ন সমস্যা এবং এসব সমস্যার সম্ভাব্য সমাধান নিয়ে খোলামেলা আলোচনা হয়। অংশগ্রহণকারীরা দীর্ঘদিনের ভূমি-সংক্রান্ত জটিলতা নিরসনে কার্যকর প্রশাসনিক উদ্যোগ, আইনি সহায়তা এবং সংশ্লিষ্ট সব পক্ষের সমন্বিত পদক্ষেপ গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন।

প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা শামসুজ্জাহান কনক বলেন, আদিবাসী জনগোষ্ঠীর ন্যায্য অধিকার প্রতিষ্ঠা এবং ভূমি-সংক্রান্ত সমস্যা সমাধানে আইন ও বিধি অনুযায়ী উপজেলা প্রশাসন সর্বোচ্চ সহযোগিতা করবে। বিশেষ অতিথিরাও সংশ্লিষ্ট দপ্তরগুলোর সমন্বয়ের মাধ্যমে বাস্তবসম্মত উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন।

সংলাপ শেষে অংশগ্রহণকারীরা মুন্ডা জনগোষ্ঠীর ভূমি অধিকার সুরক্ষা এবং তাদের জীবনমান উন্নয়নে সরকার, প্রশাসন, উন্নয়ন সহযোগী প্রতিষ্ঠান ও স্থানীয় জনগণের সমন্বিত উদ্যোগ জোরদারের আহ্বান জানান।

You may also like

Leave a Comment

শিরোনাম: