আজ- সোমবার, ১৭ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ২রা ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

রুয়েট উপাচার্যের সঙ্গে জাপানের গুনমা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকের সৌজন্য সাক্ষাৎ

by Prokash Kal

নিজস্ব প্রতিবেদক:

রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) উপাচার্য অধ্যাপক ড. এস এম আব্দুর রাজ্জাকের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন জাপানের গুনমা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. কাও ইয়ামাদা।

সোমবার (১৭ আগস্ট) বিকেলে রুয়েট উপাচার্যের দপ্তরে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। সাক্ষাতের শুরুতে অধ্যাপক ড. কাও ইয়ামাদার হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন রুয়েট উপাচার্য অধ্যাপক ড. এস এম আব্দুর রাজ্জাক।

সাক্ষাৎকালে গুনমা বিশ্ববিদ্যালয় ও রুয়েটের মধ্যে পারস্পরিক সহযোগিতা এবং দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদারের বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়। বিশেষ করে যৌথ গবেষণা ও প্রকল্প গ্রহণ, শিক্ষক-গবেষক ও শিক্ষার্থী বিনিময়, যৌথ সেমিনার-সম্মেলন আয়োজন এবং আধুনিক প্রযুক্তি ও উদ্ভাবনভিত্তিক গবেষণায় সহযোগিতা বৃদ্ধির বিষয়ে গুরুত্বারোপ করা হয়।

রুয়েট উপাচার্য বলেন, প্রযুক্তি, উদ্ভাবন ও গবেষণায় জাপান বিশ্বের অন্যতম অগ্রসর দেশ। বাংলাদেশের প্রকৌশল ও প্রযুক্তি শিক্ষার উন্নয়নে জাপানের বিশ্ববিদ্যালয়গুলোর সঙ্গে পারস্পরিক সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। রুয়েট ভবিষ্যতে জাপানের উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলোর সঙ্গে আরও কার্যকর ও দীর্ঘমেয়াদি একাডেমিক ও গবেষণা অংশীদারিত্ব গড়ে তুলতে আগ্রহী।

অধ্যাপক ড. কাও ইয়ামাদা রুয়েটের শিক্ষা ও গবেষণা কার্যক্রমের প্রশংসা করেন। একই সঙ্গে যৌথ গবেষণা, একাডেমিক বিনিময় এবং প্রযুক্তি ও জ্ঞান আদান-প্রদানের মাধ্যমে দুই দেশের বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে সহযোগিতা আরও সম্প্রসারণের আগ্রহ প্রকাশ করেন।

এ সাক্ষাৎ ও মতবিনিময়ের মাধ্যমে রুয়েট ও জাপানের উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলোর মধ্যে শিক্ষা, গবেষণা, উদ্ভাবন ও প্রযুক্তিগত সহযোগিতার নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়।

এসময় রুয়েটের উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. আখতার হোসেন, সিভিল অনুষদের ডিন অধ্যাপক ড. মো. কামরুজ্জামান, মেকানিক্যাল অনুষদের ডিন অধ্যাপক ড. মো. নুরুল ইসলাম, আইকিউএসির পরিচালক অধ্যাপক ড. মো. ইমদাদুল হক, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. মো. আনোয়ারুল কবির ভুঁইয়া, গুনমা বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ড. মো. আব্দুস সামাদ কামাল এবং নেত্রকোণা বিশ্ববিদ্যালয়ের সিএসই বিভাগের সহকারী অধ্যাপক আব্দুল্লাহ আল সিয়াম উপস্থিত ছিলেন।

You may also like

Leave a Comment

শিরোনাম: