
নিজস্ব প্রতিবেদক:
‘মনুষ্যত্ব রোগীর প্রাণের টানে, এগিয়ে আসুন রক্তদানে’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে রাজশাহীতে ফ্রি রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্পেইন ও রক্তদানে উৎসাহমূলক কর্মসূচি-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৯ আগস্ট) সকাল ১০টায় রাজশাহী স্যাটেলাইট টাউন হাই স্কুল প্রাঙ্গণে তারুণ্যের স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়। ক্যাম্পেইনে স্কুলের ১৩০ জন ছাত্রছাত্রীর বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় করা হয়।
কর্মসূচির মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে রক্তদানের গুরুত্ব ও মানবিক দায়িত্ববোধ সম্পর্কে সচেতনতা তৈরির পাশাপাশি ভবিষ্যতে স্বেচ্ছায় রক্তদানে উৎসাহিত করা হয়। আয়োজকরা বলেন, জরুরি মুহূর্তে এক ব্যাগ রক্ত একজন মুমূর্ষু রোগীর জীবন বাঁচাতে পারে। তাই মানবতার কল্যাণে সামর্থ্যবান ও সুস্থ ব্যক্তিদের নিয়মিত রক্তদানে এগিয়ে আসার আহ্বান জানানো হয়।
অনুষ্ঠানে রাজশাহী স্যাটেলাইট টাউন হাই স্কুলের প্রধান শিক্ষক মো. তরিকুল ইসলাম ও সহকারী শিক্ষক রানা শেখ উপস্থিত ছিলেন। এছাড়া তারুণ্য স্বেচ্ছাসেবী সংগঠনের সভাপতি মো. রাজীব শেখ, সম্পাদক মোহাম্মদ রাজীব আলী, সহ-সভাপতি সুমি আক্তার, সহ-সভাপতি আসমাউল হোসনা, সদস্য সাখাওয়াত হোসেন অপু, সদস্য বিউটি আক্তার, সদস্য মোহাম্মদ শাহাদাত ও সদস্য তাহারুল মুন্নাসহ সংগঠনের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।
আয়োজকরা জানান, সমাজে রক্তের সংকট মোকাবিলা এবং স্বেচ্ছায় রক্তদানের প্রবণতা বাড়াতে এ ধরনের সচেতনতামূলক কর্মসূচি অব্যাহত থাকবে। তারা বলেন, “এক ব্যাগ রক্ত হতে পারে কারও নতুন জীবনের আশার আলো। আসুন, মানবতার কল্যাণে একসঙ্গে এগিয়ে আসি।”
