
নিজস্ব প্রতিবেদক:
প্রতিষ্ঠার পর প্রথমবারের মতো বাংলাদেশ স্থপতি ইনস্টিটিউটের (আইএবি) অ্যাক্রেডিটেশন অর্জন করেছে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) স্থাপত্য বিভাগ। আইএবির স্থাপত্য শিক্ষা বোর্ডের সুপারিশের ভিত্তিতে প্রতিষ্ঠানটির ২৬তম নির্বাহী পরিষদ রুয়েটের স্থাপত্য শিক্ষা কার্যক্রমকে পাঁচ বছরের জন্য শর্তহীন অ্যাক্রেডিটেশন প্রদান করেছে। এ স্বীকৃতি ১ জুলাই ২০২৬ থেকে কার্যকর হয়েছে।
গত ১৫ জুলাই রুয়েটের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) বরাবর পাঠানো এক চিঠিতে বিষয়টি নিশ্চিত করে বাংলাদেশ স্থপতি ইনস্টিটিউট। এতে বলা হয়, রুয়েটের স্থাপত্য শিক্ষা কার্যক্রম আইএবির স্থাপত্য শিক্ষা বোর্ড নির্ধারিত প্রয়োজনীয় মানদণ্ড ও শর্ত পূরণ করেছে। এর পরিপ্রেক্ষিতে বোর্ড সর্বসম্মতিক্রমে অ্যাক্রেডিটেশনের সুপারিশ করে এবং আইএবির ২৬তম নির্বাহী পরিষদ তা অনুমোদন দেয়।
২০১৩ সালে প্রতিষ্ঠিত রুয়েটের স্থাপত্য বিভাগ প্রতিষ্ঠার এক যুগেরও বেশি সময় পর এ পেশাগত স্বীকৃতি অর্জন করল। সংশ্লিষ্টদের মতে, স্থাপত্য শিক্ষায় আইএবির অ্যাক্রেডিটেশন একটি গুরুত্বপূর্ণ পেশাগত স্বীকৃতি হওয়ায় এ অর্জন বিভাগটির শিক্ষার্থীদের জন্য ভবিষ্যৎ পেশাজীবনে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করবে।
বাংলাদেশের স্থপতিদের পেশাগত সংগঠন হিসেবে আইএবির সদস্যপদ দেশে পেশাগতভাবে স্থাপত্যচর্চা এবং স্থপতি হিসেবে ভবনের নকশা ও স্থাপত্য পরিকল্পনায় স্বাক্ষর করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ। ফলে আইএবি-অ্যাক্রেডিটেড কার্যক্রমের আওতায় রুয়েটের স্থাপত্য বিভাগ থেকে ডিগ্রি অর্জনকারী শিক্ষার্থীরা পরবর্তী সময়ে আইএবির সদস্যপদ গ্রহণের সুযোগ পাবেন।
আইএবির সদস্য হওয়ার মাধ্যমে পেশাগত স্থাপত্যচর্চার পাশাপাশি বিভিন্ন পেশাগত কার্যক্রম, প্রতিযোগিতা এবং আন্তর্জাতিক পরিসরের স্থাপত্য সংগঠনের সঙ্গে সম্পৃক্ত হওয়ার সুযোগও তৈরি হয়। এশিয়ার স্থপতিদের আঞ্চলিক সংগঠন আর্ক্যাশিয়া (ARCASIA)-সহ আন্তর্জাতিক পর্যায়ের বিভিন্ন কার্যক্রমে অংশগ্রহণের ক্ষেত্রেও আইএবির মাধ্যমে সংযুক্ত হওয়ার সুযোগ রয়েছে।
সংশ্লিষ্টরা জানান, একটি স্থাপত্য শিক্ষা কার্যক্রমের অ্যাক্রেডিটেশন শিক্ষার্থীদের একাডেমিক শিক্ষাকে পেশাগত স্বীকৃতি ও বাস্তব কর্মক্ষেত্রের সঙ্গে আরও কার্যকরভাবে যুক্ত করে। তাই রুয়েটের স্থাপত্য বিভাগের এ অর্জন শিক্ষার্থীদের পেশাগত প্রস্তুতি ও ভবিষ্যৎ কর্মক্ষেত্রে প্রবেশের পথকে আরও সুগম করবে বলে আশা করা হচ্ছে।
দেশের সরকারি বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (বুয়েট), খুলনা বিশ্ববিদ্যালয়, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) স্থাপত্য শিক্ষা কার্যক্রম ইতোমধ্যে আইএবি অ্যাক্রেডিটেশন অর্জন করেছে। এবার সেই তালিকায় যুক্ত হলো রুয়েটের স্থাপত্য বিভাগ।
বিভাগসংশ্লিষ্টদের মতে, আইএবির এ স্বীকৃতি রুয়েটের স্থাপত্য বিভাগের একাডেমিক ও পেশাগত বিকাশে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। একই সঙ্গে এটি শিক্ষার্থীদের পেশাগত প্রস্তুতি, দেশ-বিদেশে স্থাপত্যচর্চার সুযোগ এবং বিভাগের জাতীয় ও আন্তর্জাতিক অবস্থান আরও শক্তিশালী করতে ভূমিকা রাখবে।
