
মোঃ শাহান আলী, শাহজাদপুর (সিরাজগঞ্জ) উপজেলা প্রতিনিধি:
সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার যমুনা চরবেষ্টিত সোনাতনী ইউনিয়নের বড় চামতারা গ্রামে রত্না খাতুন (২৩) নামে এক গৃহবধূর মৃত্যু নিয়ে রহস্যের সৃষ্টি হয়েছে। নিহতের পরিবারের অভিযোগ, যৌতুকের দাবিতে নির্যাতনের পর তাকে বিষপানে আত্মহত্যা করতে বাধ্য করা হয়েছে। তবে এটি হত্যা নাকি আত্মহত্যা—তা এখনো নিশ্চিত নয়।
এ ঘটনায় নিহতের বাবা মো. শাহজাহান আলী বাদী হয়ে শাহজাদপুর থানায় তার মেয়ের স্বামী মো. আব্দুল কাদেরকে প্রধান আসামি করে ছয়জনের নাম উল্লেখ এবং অজ্ঞাতপরিচয় আরও ৩-৪ জনকে আসামি করে লিখিত এজাহার দিয়েছেন।
নিহতের পরিবারের দাবি, প্রায় চার বছর আগে রত্নার সঙ্গে আব্দুল কাদেরের বিয়ে হয়। তাদের তিন বছরের একটি কন্যাসন্তান রয়েছে। বিয়ের পর থেকেই দুই লাখ টাকা যৌতুকের দাবিতে রত্নাকে শারীরিক ও মানসিক নির্যাতন করা হতো বলে অভিযোগ করা হয়েছে।
পরিবারের সদস্যরা জানান, গত ২২ আগস্ট রত্না বাবার বাড়ি থেকে স্বামীর বাড়িতে ফিরে যান। ২৯ আগস্ট সকালে যৌতুকের টাকার দাবিতে তাকে আবারও নির্যাতন করা হয় বলে অভিযোগ। পরে বেলা ১১টার দিকে তার মৃত্যুর খবর পরিবারকে জানানো হয়। স্বজনরা গিয়ে বাড়ির টিনের ঘরের বারান্দায় রত্নার মরদেহ পড়ে থাকতে দেখেন।
শাহজাদপুর থানার ওসি মো. সাইফুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করে। এ সময় শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন দেখা যায়। পরে মরদেহ ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
ওসি জানান, এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।
