
সাতক্ষীরা প্রতিনিধি:
সাতক্ষীরার শ্যামনগর উপজেলার মুন্সিগঞ্জ ইউনিয়নের হেতালখালীতে হেতালখালি মানবসেবা ফাউন্ডেশনের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় হেতালখালীতে ফাউন্ডেশনের নিজস্ব কার্যালয়ে এ উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক মো. আব্দুল হালিমের সঞ্চালনায় এবং সভাপতি সাংবাদিক এম এ রশিদের সভাপতিত্বে অনুষ্ঠানে শ্যামনগরের বিভিন্ন স্বেচ্ছাসেবী ও সামাজিক সংগঠনের প্রতিনিধিবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং ফাউন্ডেশনের উপদেষ্টা ও সদস্যরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে ফাউন্ডেশনের প্রধান উপদেষ্টা মাওলানা আবু ইউসুফ কাসেমি, উপদেষ্টা কৃষিবিদ কৃষ্ণপদ পরমান্য উপদেষ্টা মো. আবুল কালাম আজাদ, উপদেষ্টা গাজী আব্দুল ওহাব, উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম সরদার, উপদেষ্টা মো. সোহেল রানা সরদার উপদেষ্টা গাজি রবিউল ইসলাম সহ সকল উপদেষ্টাবৃন্দ উপস্থিত ছিলেন।
এ ছাড়া ফাউন্ডেশনের সভাপতি সাংবাদিক এম এ রশিদ, সিনিয়র সহ-সভাপতি মোহাম্মদ রাশিদুল ইসলাম এবং সাধারণ সম্পাদক মো. আব্দুল হালিমসহ ফাউন্ডেশনের অন্যান্য সদস্য ও স্বেচ্ছাসেবীরা উপস্থিত ছিলেন।
উদ্বোধনী বক্তব্যে ফাউন্ডেশনের সভাপতি সাংবাদিক এম এ রশিদ বলেন, মানবসেবা ও সামাজিক দায়বদ্ধতার জায়গা থেকে উপকূলীয় এলাকার অসহায়, দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্যেই হেতালখালি মানবসেবা ফাউন্ডেশনের যাত্রা শুরু হয়েছে। কোনো ব্যক্তি বা গোষ্ঠীর স্বার্থ নয়, মানুষের কল্যাণকে প্রাধান্য দিয়ে ফাউন্ডেশনের কার্যক্রম পরিচালনা করা হবে।
তিনি আরো বলেন, দুর্যোগপ্রবণ উপকূলীয় শ্যামনগরে মানুষের নানা সংকট মোকাবিলায় স্বেচ্ছাসেবীদের আরও সংগঠিত করা প্রয়োজন। এ লক্ষ্যে দুর্যোগকালীন সহায়তা, অসহায় মানুষের পাশে দাঁড়ানো, শিক্ষা ও স্বাস্থ্যসচেতনতা বৃদ্ধি, রক্তদান ও চিকিৎসাসহায়তা, যুবসমাজকে স্বেচ্ছাসেবামূলক কাজে সম্পৃক্ত করা এবং বৃক্ষরোপণ ও পরিবেশ রক্ষায় বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হবে।
অনুষ্ঠানে বক্তারা বলেন, “মানবতার সেবায়, উপকূলের মানুষের পাশে”—এই প্রত্যয়কে সামনে রেখে হেতালখালি মানবসেবা ফাউন্ডেশন কাজ করবে। বিশেষ করে দুর্যোগ ও সংকটের সময়ে মানুষের পাশে দাঁড়ানো এবং সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর কল্যাণে কার্যকর ভূমিকা রাখার প্রত্যয় ব্যক্ত করেন তারা।
বক্তারা ফাউন্ডেশনের কার্যক্রম সফলভাবে পরিচালনার জন্য স্থানীয় জনগণ, স্বেচ্ছাসেবী ও সামাজিক সংগঠন, গণমাধ্যমকর্মী এবং সমাজের সর্বস্তরের মানুষের সহযোগিতা কামনা করেন।
