
নিজস্ব প্রতিবেদক:
রাজশাহীতে পৃথক মাদকবিরোধী অভিযান চালিয়ে হেরোইন, ট্যাপেন্টাডল ও ইয়াবা ট্যাবলেটসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) বোয়ালিয়া, কাটাখালী ও রাজপাড়া থানা এবং মতিহার থানার মির্জাপুর পুলিশ ফাঁড়ি।
পুলিশ জানায়, গত মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সন্ধ্যা সোয়া ৭টার দিকে বোয়ালিয়া থানা পুলিশ কেদুর মোড় বৌবাজার এলাকায় অভিযান চালিয়ে মো. মোক্তার হোসেন (৪৫) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করে। তিনি ওই গ্রামের মৃত আব্দুল হামিদের ছেলে। এ সময় তাঁর কাছ থেকে বিক্রির উদ্দেশ্যে রাখা ৪ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।
এদিকে রাত ১২টার দিকে কাটাখালী থানা পুলিশ জাগির উত্তরপাড়া এলাকায় অভিযান চালিয়ে মো. সাদ্দাম (৩০) ও মো. সাগর (৩১) নামে দুজনকে গ্রেপ্তার করে। তাঁদের কাছ থেকে বিক্রির উদ্দেশ্যে রাখা ১৫টি ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়।
অন্যদিকে রাত সোয়া ১০টার দিকে রাজপাড়া থানা পুলিশ বসুয়া অচীনতলা এলাকায় অভিযান চালিয়ে মো. সবুজ ওরফে ডাক্তার (৩২) নামের একজনকে গ্রেপ্তার করে। তাঁর কাছ থেকে ১১টি ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। পুলিশ জানায়, সবুজের বিরুদ্ধে বোয়ালিয়া ও রাজপাড়া থানায় মাদকদ্রব্য-সংক্রান্ত দুটি এবং নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা রয়েছে।
এ ছাড়া মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে মতিহার থানার মির্জাপুর পুলিশ ফাঁড়ি মাসককাটাদিঘি এলাকায় অভিযান চালিয়ে মো. মিলন (৪২) নামের একজনকে গ্রেপ্তার করে। তাঁর কাছ থেকে বিক্রির উদ্দেশ্যে রাখা চারটি ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পুলিশ জানায়, মিলনের বিরুদ্ধে মতিহার থানায় একটি মাদক মামলা রয়েছে।
আরএমপি জানিয়েছে, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা করা হয়েছে। পরে তাঁদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
