
এইচ এম হেলাল, বরগুনা জেলা প্রতিনিধি:
বরগুনা জেলা পুলিশে নেমে এসেছে শোকের ছায়া। বরগুনা জেলা পুলিশ লাইন্সে কর্মরত এসআই (সশস্ত্র) মো. বেলাল হোসেন মঙ্গলবার (১ সেপ্টেম্বর) মৃত্যুবরণ করেছেন।
মরহুম মো. বেলাল হোসেন বরিশাল জেলার কাউনিয়া থানাধীন শায়েস্তাবাদ লজ এলাকার বাসিন্দা। বাংলাদেশ পুলিশ বাহিনীতে যোগদানের পর তিনি দীর্ঘ ২০ বছরেরও বেশি সময় নিষ্ঠা, সততা ও দায়িত্বশীলতার সঙ্গে অর্পিত দায়িত্ব পালন করেছেন। দীর্ঘ কর্মজীবনে তিনি পুলিশ বাহিনীর একজন দায়িত্বশীল সদস্য হিসেবে গুরুত্বপূর্ণ অবদান রাখেন।
মরহুমের প্রথম জানাজা আজ বাদ জোহর বরগুনা পুলিশ লাইন্সের ড্রিল শেডে অনুষ্ঠিত হয়। জানাজায় অংশ নেন বরগুনা জেলার পুলিশ সুপার মো. কুদরত-ই-খুদা, পিপিএম-সেবা, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. মুকিত হাসান খান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) ইশতিয়াক আহমেদ, পিপিএমসহ বরগুনা জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের সদস্যরা।
জানাজার পূর্বে দেওয়া সংক্ষিপ্ত বক্তব্যে পুলিশ সুপার মো. কুদরত-ই-খুদা মরহুমের দীর্ঘ কর্মজীবনের বিভিন্ন দিক শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। তিনি মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন এবং জীবদ্দশায় তাঁর কোনো ভুল-ত্রুটি হয়ে থাকলে তা ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখার জন্য উপস্থিত সকলের প্রতি আহ্বান জানান।
একজন সহকর্মীকে হারিয়ে শোকাহত বরগুনা জেলা পুলিশের সদস্যরা। মরহুমের মৃত্যুতে তাঁর পরিবার, স্বজন ও সহকর্মীদের মধ্যে গভীর শোকের সৃষ্টি হয়েছে।
