
নিজস্ব প্রতিবেদক:
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) প্রতিষ্ঠার ৪৮তম বার্ষিকী আগামী ১ সেপ্টেম্বর। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজশাহী মহানগর বিএনপির উদ্যোগে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। দলীয় কার্যালয় ছাড়াও নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক, মোড়, সড়কদ্বীপ ও জনবহুল এলাকায় করা হয়েছে নানা ধরনের সাজসজ্জা। এতে নগরজুড়ে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়েছে।
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড় ও সড়কদ্বীপে ব্যানার-ফেস্টুন টানানো হয়েছে। জনবহুল বিভিন্ন স্থানে স্থাপন করা হয়েছে ওভারহেড বিলবোর্ড ও ব্যানার। গুরুত্বপূর্ণ মোড়গুলোতে বসানো হয়েছে এলইডি ডিসপ্লে। এসব ডিসপ্লেতে বিএনপির ইতিহাস ও ঐতিহ্যের পাশাপাশি দলটির চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বাধীন সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড ও সাফল্যের চিত্র তুলে ধরা হচ্ছে।
প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে মহানগর বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের মধ্যেও ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে। কর্মসূচি সফল করতে চলছে নানা প্রস্তুতি।
দলীয় সূত্রে জানা গেছে, ১ সেপ্টেম্বর সকাল সাতটায় রাজশাহী মহানগর বিএনপির দলীয় কার্যালয়ে দলীয় পতাকা উত্তোলন করা হবে। বিকেল চারটায় নগরের বাটার মোড় থেকে বের করা হবে বর্ণাঢ্য র্যালি। এ ছাড়া প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে সুবিধাজনক সময়ে দুস্থ মানুষের মধ্যে খাবার বিতরণ করা হবে।
রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক ও মহানগর বিএনপির সাধারণ সম্পাদক মো. মাহফুজুর রহমান রিটন বলেন, ‘বিএনপির কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে রাজশাহীতে প্রতিষ্ঠাবার্ষিকী সফলভাবে উদ্যাপনের জন্য ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। কেন্দ্রীয় কর্মসূচির সঙ্গে সমন্বয় করে বিভিন্ন কর্মসূচি পালন করা হবে।’
তিনি বলেন, ‘প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক, মোড়, সড়কদ্বীপ ও জনবহুল এলাকা ব্যানার-ফেস্টুন, বিলবোর্ড ও এলইডি ডিসপ্লেতে সাজানো হয়েছে। এসবের মাধ্যমে বিএনপির গৌরব, ঐতিহ্য, সংগ্রাম ও সাফল্যের পথচলার পাশাপাশি দলের চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বাধীন সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডের চিত্র তুলে ধরা হচ্ছে।’
মো. মাহফুজুর রহমান রিটন আরও বলেন, ‘প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি সফল ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন করতে মহানগর বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা সমন্বিতভাবে কাজ করছেন।
