আজ- শুক্রবার, ৪ঠা সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ২০শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

সড়ক-ফুটপাত দখল করে মালামাল রাখলে হকার-দোকানদারদের বিরুদ্ধে ব্যবস্থা

by Prokash Kal

নিজস্ব প্রতিবেদক:
জনসাধারণের নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে সড়ক ও ফুটপাত দখল করে অবৈধভাবে মালামাল রেখে প্রতিবন্ধকতা সৃষ্টিকারী হকার ও দোকানদারদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) পুলিশ কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির।

বুধবার (২ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৩টায় আরএমপি সদর দপ্তরের সভাকক্ষে এএসআই পদমর্যাদার পুলিশ কর্মকর্তাদের সঙ্গে বিট পুলিশিং কার্যক্রম ও জনবান্ধব পুলিশি সেবা নিশ্চিতকরণবিষয়ক পর্যালোচনা সভায় তিনি এ নির্দেশ দেন। সভায় সভাপতিত্ব করেন পুলিশ কমিশনার।

সভায় থানা এলাকায় চলমান বিট পুলিশিং কার্যক্রমের অগ্রগতি, মাদকবিরোধী অভিযান জোরদার, জনসম্পৃক্ততা বৃদ্ধি, অপরাধ নিয়ন্ত্রণ এবং আইন প্রয়োগের ক্ষেত্রে বিদ্যমান প্রতিবন্ধকতা চিহ্নিত ও তা নিরসনের বিষয়ে আলোচনা হয়।

পুলিশ কমিশনার বলেন, জনগণকে দ্রুত, কাঙ্ক্ষিত ও হয়রানিমুক্ত পুলিশি সেবা নিশ্চিত করতে হবে। পুলিশের প্রতিটি কর্মকাণ্ডে পেশাদারিত্ব, দায়িত্বশীলতা ও জনবান্ধব আচরণ বজায় রাখতে হবে। জমি-জমা বা জায়গা দখলসংক্রান্ত বিরোধে পুলিশের হস্তক্ষেপের সুযোগ নেই। তবে জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। বিভিন্ন অভিযোগ ও সাধারণ ডায়েরি (জিডি) যথাযথভাবে যাচাই-বাছাই ও তদন্তের মাধ্যমে দ্রুত নিষ্পত্তির নির্দেশও দেন তিনি।

এ ছাড়া থানা এলাকায় নিয়মিত ও দৃশ্যমান পুলিশি টহল জোরদার করে চুরি, ছিনতাইসহ বিভিন্ন অপরাধ প্রতিরোধে কার্যকর পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেন পুলিশ কমিশনার। রাত ১০টার পর আবাসিক এলাকায় শব্দদূষণ নিয়ন্ত্রণে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ এবং কিশোর গ্যাংয়ের অপতৎপরতা প্রতিরোধে নজরদারি বাড়ানোর ওপরও গুরুত্বারোপ করেন তিনি।

মাদক ব্যবসায়ী ও মাদক সরবরাহের সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করে গ্রেপ্তার এবং মাদকবিরোধী অভিযান আরও জোরদারের জন্য এএসআই পদমর্যাদার কর্মকর্তাদের নির্দেশ দেওয়া হয়।

বিট পুলিশিং কার্যক্রমকে আরও গতিশীল ও কার্যকর করার ওপর গুরুত্বারোপ করে পুলিশ কমিশনার বলেন, অপরাধ নিয়ন্ত্রণে পুলিশ ও জনগণের মধ্যে নিয়মিত যোগাযোগ এবং পারস্পরিক আস্থা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেবা প্রত্যাশী মানুষের সঙ্গে সৌজন্যপূর্ণ ও দায়িত্বশীল আচরণ এবং অভিযোগের বিষয়ে দ্রুত সাড়া দেওয়ার পাশাপাশি স্থানীয় জনগণকে সম্পৃক্ত করে অপরাধ প্রতিরোধে আরও সক্রিয় ভূমিকা পালনের নির্দেশ দেন তিনি।

সভায় বিশেষ পুলিশ সুপার (সিটিএসবি)-এর দায়িত্বে অতিরিক্ত ডিআইজি মো. মনিরুল ইসলাম, উপ-পুলিশ কমিশনার (ইঅ্যান্ডডি) মো. আবুল কালাম সাহিদ, উপ-পুলিশ কমিশনার (সিটিটিসি) ও আরএমপির মুখপাত্র মো. গাজিউর রহমান, পিপিএমসহ আরএমপির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

You may also like

Leave a Comment

শিরোনাম: