
নিজস্ব প্রতিবেদক:
রাজশাহী মহানগরীর বোয়ালিয়া থানার সাগরপাড়া এলাকায় প্রেমের প্রলোভন দেখিয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) সাবেক এক শিক্ষার্থীকে ‘হানি ট্র্যাপের’ ফাঁদে ফেলে জিম্মি করে অর্থ আদায় ও নির্যাতনের অভিযোগে নারীসহ চারজনকে গ্রেপ্তার করেছে রাজশাহী মহানগর পুলিশ (আরএমপি)।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—বোয়ালিয়া থানার শেখপাড়া গ্রামের সারোয়ার জাহানের ছেলে মোহাম্মদ তৌকির জাহান স্মরণ (২৯), রাজপাড়া থানার ভাটাপাড়া গ্রামের জাহাঙ্গীর হোসেনের ছেলে আবু রায়হান (২৪), একই থানার ভাটাপাড়া (সুফিয়ানের মোড়) এলাকার শাহীন রেজা ওরফে নরেশ চন্দ্র মধুর ছেলে শাহরিয়ার মামুন (২৯) এবং বহরমপুর গ্রামের আমিনুল ইসলামের মেয়ে জুনাইরা ইসলাম (২২)।
পুলিশ জানায়, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী মির্জা মুজাহিদুল ইসলাম গাজী (২৮) বোয়ালিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) কাছে লিখিত অভিযোগ করেন। অভিযোগে তিনি জানান, কয়েকজন ব্যক্তি প্রেমের প্রলোভন দেখিয়ে তাকে সাগরপাড়া এলাকার স্বচ্ছ টাওয়ারের একটি ফ্ল্যাটে নিয়ে যান। সেখানে তাকে জিম্মি করে অর্থ আদায় এবং নির্যাতন করা হয়।
অভিযোগ পাওয়ার পর ঘটনার সত্যতা যাচাই ও রহস্য উদঘাটনে বোয়ালিয়া থানা পুলিশ ঘটনাস্থলে অভিযান চালায়। পরে ঘটনাস্থল থেকে পাওয়া বিভিন্ন তথ্য ও সূত্রের ভিত্তিতে বোয়ালিয়া ও রাজপাড়া থানা এলাকায় অভিযান চালিয়ে হানি ট্র্যাপের সঙ্গে জড়িত থাকার অভিযোগে নারীসহ চারজনকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ আরও জানায়, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে বোয়ালিয়া থানায় নিয়মিত মামলা করা হয়েছে। পরে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
