আজ- বৃহস্পতিবার, ১৭ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ২রা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

পাথরঘাটায় অনলাইন জুয়ার অভিযোগে গ্রেপ্তার ৬

by Prokash Kal

এইচ এম হেলাল, বরগুনা জেলা প্রতিনিধি:

বরগুনার পাথরঘাটায় অন্যের NID, সিম কার্ড ও ব্যবসায়িক ট্রেড লাইসেন্স ব্যবহার করে অনলাইন জুয়া ও আর্থিক প্রতারণায় জড়িত থাকার অভিযোগে ছয়জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। অভিযানের পর একটি নগদ অ্যাকাউন্টে প্রায় ৯৫ লাখ টাকার সন্দেহজনক লেনদেনের তথ্য পাওয়ার কথা জানিয়েছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, বরগুনার পুলিশ সুপার মোঃ কুদরত-ই-খুদা, পিপিএম-এর নির্দেশনা ও তত্ত্বাবধানে এবং অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ মুকিত হাসান খাঁন-এর নেতৃত্বে পাথরঘাটা থানা পুলিশ এ অভিযান পরিচালনা করে।

পুলিশের প্রাথমিক তদন্তে উঠে এসেছে, চরদুয়ানি এলাকার ‘সোহেল স্টোর’-এর ট্রেড লাইসেন্স এবং স্থানীয় চায়ের দোকানদার মিঠুন বিশ্বাসের নামে নিবন্ধিত একটি সিম ব্যবহার করে পরিচালিত নগদ অ্যাকাউন্টে ৯৪ লাখ ৬৬ হাজার ১২৬ টাকা লেনদেন হয়েছে। পুলিশ এসব লেনদেনকে সন্দেহজনক ও অস্বাভাবিক হিসেবে উল্লেখ করেছে।

তদন্তসংশ্লিষ্ট পুলিশের ভাষ্য, প্রতি ১ হাজার টাকা লেনদেনে ৪ টাকা কমিশনের বিনিময়ে ওই সিম অন্য ব্যক্তির ব্যবহারের জন্য দেওয়া হয়েছিল বলে প্রাথমিকভাবে তথ্য পাওয়া গেছে। একই তদন্তে মারুফ চৌধুরী নামে একজনের অনলাইন জুয়া ও আর্থিক প্রতারণার সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগও খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।

প্রযুক্তিগত অনুসন্ধানে আরও জানা যায়, IMEI নম্বর 86910470054990-এর একটি মোবাইল হ্যান্ডসেটে আগস্ট ও সেপ্টেম্বর মাসে মোট ৯৪টি সিম ব্যবহার করা হয়েছে। পুলিশের দাবি, এর মধ্যে অধিকাংশ সিম অন্যের NID বা অসত্য তথ্য ব্যবহার করে নিবন্ধনের অভিযোগ রয়েছে।

এ ঘটনায় জুয়া প্রতিরোধ আইন, ২০২৬-এর ১৬/২৬ ধারা এবং দণ্ডবিধির ৪২০/৪০৬/১০৯ ধারায় পাথরঘাটা থানায় মামলা হয়েছে। ১৫ সেপ্টেম্বর ২০২৬ তারিখে দায়ের হওয়া মামলাটির নম্বর ২১।

গ্রেপ্তার ছয়জনকে আদালতে পাঠানো হয়েছে। পুলিশ বলছে, তদন্তের পরবর্তী ধাপে গ্রেপ্তার ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ, সংশ্লিষ্ট আর্থিক লেনদেন পর্যালোচনা এবং ঘটনায় আরও কেউ জড়িত কি না তা যাচাই করা হচ্ছে।

পুলিশ নাগরিকদের উদ্দেশ্যে সতর্ক করে জানিয়েছে, নিজের NID, সিম কার্ড ও ব্যবসায়িক ট্রেড লাইসেন্স অন্যের ব্যবহারের জন্য দেওয়া থেকে বিরত থাকতে হবে। একই সঙ্গে সন্দেহজনক লেনদেন বা অপরাধমূলক কর্মকাণ্ডের তথ্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানানোর আহ্বান জানানো হয়েছে।

You may also like

Leave a Comment

শিরোনাম: