আজ- বুধবার, ১৬ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

সাগর-রুনি হত্যার বিচার ও সাংবাদিক নির্যাতন বন্ধের দাবিতে উত্তাল রাজশাহী

by Prokash Kal

স্টাফ রিপোর্টার:

রাজশাহীসহ সারাদেশে সাংবাদিকদের বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহার, পেশাগত দায়িত্ব পালনে হুমকি ও হয়রানি বন্ধ এবং সাংবাদিক দম্পতি সাগর সারোয়ার ও মেহেরুন রুনি হত্যাকাণ্ডের দ্রুত বিচারের দাবিতে উত্তাল হয়ে উঠেছে রাজশাহী। মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় মহানগরের ব্যস্ততম সাহেববাজার জিরো পয়েন্টে রাজশাহী প্রেসক্লাবের উদ্যোগে এক বিশাল ও সংহতিপূর্ণ মানববন্ধন কর্মসূচি পালিত হয়।

রাজশাহী প্রেসক্লাবের সহ-সভাপতি ও দৈনিক দিনকালের ব্যুরো প্রধান আব্দুস সবুরের সভাপতিত্বে আয়োজিত এ মানববন্ধনে অতিথি হিসেবে সংহতি প্রকাশ করে বক্তব্য দেন রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মাহফুজুর রহমান রিটন, রাজশাহী মহানগর যুবদলের সদস্য সচিব রফিকুল ইসলাম রবি এবং সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল বাংলাদেশের চেয়ারম্যান ও দৈনিক প্রতিদিনের কাগজের সম্পাদক মো. খায়রুল আলম রফিক।

মানববন্ধনে প্রধান বক্তার বক্তব্যে রাজশাহী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা মামুন বলেন, সাংবাদিক দম্পতি সাগর-রুনি হত্যাকাণ্ডের এক যুগ পেরিয়ে গেলেও প্রকৃত অপরাধী ও পরিকল্পনাকারীরা আজও ধরাছোঁয়ার বাইরে। তিনি অবিলম্বে এই নির্মম হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের গ্রেপ্তার করে বিশেষ ট্রাইব্যুনালের আওতায় দৃষ্টান্তমূলক বিচার সম্পন্ন করার জোর দাবি জানান। একই সঙ্গে বিগত দুই দশকে রাজনৈতিক প্রতিহিংসা ও পেশাগত কারণে যেসব সাংবাদিককে হত্যা ও গুম করা হয়েছে, তাদের প্রতিটি ঘটনার নিরপেক্ষ তদন্ত ও বিচার দ্রুত নিশ্চিতের আহ্বান জানান তিনি।

গোলাম মোস্তফা মামুন পাবনা প্রেসক্লাবের সাধারণ সম্পাদকের ওপর মিথ্যা অপবাদ আরোপ ও মামলার তীব্র নিন্দা জানিয়ে অবিলম্বে সব হয়রানিমূলক মামলা প্রত্যাহারের দাবি জানান। তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত না হলে এবং স্বাধীনভাবে দায়িত্ব পালনে বাধা অব্যাহত থাকলে সাংবাদিক সমাজ রাজপথে আরও বৃহত্তর আন্দোলনের ডাক দিতে বাধ্য হবে।

সমাবেশে অংশ নিয়ে সাংবাদিক নেতৃবৃন্দ ও বিশিষ্টজনরা ক্ষোভ প্রকাশ করে বলেন, বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকদের ওপর মামলা, হুমকি ও হয়রানি চালানো গণমাধ্যমের স্বাধীনতার ওপর সরাসরি নগ্ন হস্তক্ষেপ। স্বাধীন ও মুক্ত সাংবাদিকতার নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে রাষ্ট্র ও প্রশাসনকে কার্যকর ভূমিকা রাখতে হবে। সমাবেশ থেকে মাইটিভির চেয়ারম্যান নাসির উদ্দীন সাথীর অবিলম্বে নিঃশর্ত মুক্তির জোর দাবি জানানো হয়। এছাড়া গত ৫ আগস্টের পটপরিবর্তনের পর ঐতিহ্যবাহী রাজশাহী প্রেসক্লাব জবরদখলের অপচেষ্টায় জড়িত কথিত সাংবাদিক নজরুল ইসলাম জুলুসহ সাংবাদিকতার মুখোশধারী সন্ত্রাসীদের অনতিবিলম্বে আইনের আওতায় আনার জন্য স্থানীয় প্রশাসনের প্রতি আহ্বান জানানো হয়।

মানববন্ধনে সংহতি জানিয়ে আরও বক্তব্য দেন রাজশাহী স্বার্থ রক্ষা কমিটির সভাপতি মাহফুজুল হাসনাইন হিকোল, বীর মুক্তিযোদ্ধা শাজাহান আলী বরজাহান, রাজশাহী এডিটরস ফোরামের দপ্তর সম্পাদক দৈনিক গণধ্বনি প্রতিদিনের সম্পাদক ইয়াকুব শিকদার,রাজশাহী টেলিভিশন সাংবাদিক অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ও আরটিভির নিজস্ব প্রতিবেদক মোস্তাফিজ রকি, মোহনপুর উপজেলা ঐক্য প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক চৌকসের ব্যুরো প্রধান রাজিব খান, এটিএন বাংলার সুজাউদ্দিন ছোটন, রাজশাহী প্রেসক্লাবের সহ-সভাপতি ও মাইটিভির প্রতিনিধি শাহরিয়ার অন্তু, জাতীয় সাংবাদিক সংস্থার রাজশাহী বিভাগীয় সাধারণ সম্পাদক ফয়সাল আজম অপু, রাজশাহী প্রেসক্লাবের কার্যনির্বাহী সদস্য ও প্রকাশকালের সম্পাদক রাজিব আলী রাতুল এবং রাজশাহী রিপোর্টার্স ইউনিটির সভাপতি আব্দুল মুগনি নিরো।

এ কর্মসূচিতে সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল বাংলাদেশ, রাজশাহী এডিটরস ফোরাম,রাজশাহী ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন, রাজশাহী মডেল প্রেসক্লাব, রাজশাহী টেলিভিশন সাংবাদিক অ্যাসোসিয়েশন, অনলাইন সাংবাদিক ফোরাম, বাংলাদেশ তৃণমূল প্রেস সোসাইটি, মোহনপুর প্রেসক্লাব, মোহনপুর উপজেলা ঐক্য প্রেসক্লাব, দুর্গাপুর প্রেসক্লাব, দুর্গাপুর স্বচ্ছ প্রেসক্লাব এবং জাতীয় সাংবাদিক সংস্থার রাজশাহী বিভাগীয়, মহানগর, চাঁপাইনবাবগঞ্জ জেলা ও বাঘা উপজেলা শাখার বিপুল সংখ্যক সংবাদকর্মী ও পেশাজীবী উপস্থিত থেকে পূর্ণ সংহতি প্রকাশ করেন।

You may also like

Leave a Comment

শিরোনাম: