
নিজস্ব প্রতিবেদক:
রাজশাহী মহানগরীর কাশিয়াডাঙ্গা থানা এলাকায় নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে বিশেষ মাদকবিরোধী অভিযান চালিয়ে নেশাগ্রস্ত অবস্থায় জনসাধারণের শান্তি বিনষ্টের অপরাধে পাঁচজনকে গ্রেপ্তার করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) বিশেষ মাদকবিরোধী টিম।
অভিযানে গ্রেপ্তার ব্যক্তিরা হলেন, রাজপাড়া থানার দাসপুকুর গ্রামের ইসমাইলের ছেলে আব্দুল্লাহ (৩৫), চন্দ্রিমা থানার ঘোড়ামারা গ্রামের মৃত আব্দুল জলিলের ছেলে শাহীন (৩৬), একই থানার শিরোইল কলোনি এলাকার শহর আলীর ছেলে জুবায়ের হোসেন শিমুল (২৫), রাজপাড়া থানার লক্ষ্মীপুর ডিঙ্গাডোবা গ্রামের মো. আজাদের ছেলে মো. খোকন এবং তেরখাদিয়া মধ্যপাড়া গ্রামের মো. আবুল কাশেমের ছেলে আলী খান।
পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে নির্বাহী ম্যাজিস্ট্রেট নেশাগ্রস্ত অবস্থায় জনসাধারণের শান্তি বিনষ্টের অপরাধে প্রত্যেককে সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০ টাকা করে অর্থদণ্ড দেন।
আরএমপি জানিয়েছে, মাদকমুক্ত সমাজ গঠনে নিয়মিত মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হচ্ছে। মাদকসংক্রান্ত অপরাধ দমন ও আইনের যথাযথ প্রয়োগ নিশ্চিত করতে এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।
