
নিজস্ব প্রতিবেদক:
বরেন্দ্র অঞ্চলের নিম্নআয়ের ও বস্তিবাসী মানুষের জন্য নিরাপদ, সাশ্রয়ী ও জলবায়ু-সহনশীল আবাসন নিশ্চিত করার দাবি জানিয়েছেন নাগরিক সমাজের প্রতিনিধিরা। একই সঙ্গে নিরাপদ পানি, স্যানিটেশন, স্বাস্থ্যসেবা ও সামাজিক সুরক্ষা নিশ্চিত করার আহ্বান জানানো হয়েছে।
বিশ্ব বসতি দিবস ২০২৬ উপলক্ষে সোমবার (৫ অক্টোবর) বিকেলে রাজশাহীর নামোভদ্রা লেকপাড়ে আয়োজিত নীতি সংলাপে বক্তারা এসব কথা বলেন। নামোভদ্রা বাস্তুহারা সার্বিক উন্নয়ন সংগঠন, বরেন্দ্র ইয়ুথ ফোরাম ও বারসিক যৌথভাবে এ সংলাপের আয়োজন করে।
বক্তারা বলেন, বরেন্দ্র অঞ্চলের তীব্র তাপ, দীর্ঘস্থায়ী খরা ও পানির সংকট নিম্নআয়ের মানুষের জীবন ও আবাসন নিরাপত্তাকে আরও ঝুঁকির মধ্যে ফেলছে। উন্নয়ন ও জলবায়ু অভিযোজনের নামে উচ্ছেদ না করে তাদের নিরাপদ ও মর্যাদাপূর্ণ আবাসন নিশ্চিত করতে হবে।
ভদ্রা লেকপাড় বস্তিবাসী সংগঠনের সভাপতি বাচ্চু মিয়া বলেন, “আমরা শহর পরিষ্কার রাখি, কিন্তু আমাদের নিজেদের থাকার জায়গা নেই।” বস্তিবাসী নিলুফা বেগম বলেন, “ঘরবাড়ি ভেঙে দেওয়ার আতঙ্কে থাকতে হয়। আমরা নাগরিক হিসেবে বাসস্থান, পানি, স্যানিটেশন ও সন্তানদের শিক্ষার অধিকার চাই।”
রাজশাহী সিটি কর্পোরেশনের প্রধান কমিউনিটি উন্নয়ন কর্মকর্তা আজিজুর রহমান আজিজ বলেন, নিরাপদ আবাসন, মৌলিক নাগরিকসেবা, সবুজায়ন ও জলবায়ু-সহনশীল নগর পরিকল্পনাকে সমন্বিতভাবে এগিয়ে নিতে হবে।
নীতি সংলাপ থেকে বস্তিবাসীর উচ্ছেদ বন্ধ, উচ্ছেদের আগে পুনর্বাসন, স্বল্পমূল্যে জলবায়ু-সহনশীল আবাসন, পানি-স্যানিটেশন, স্বাস্থ্যসেবা, সামাজিক সুরক্ষা, সবুজায়ন ও জীবিকার সুযোগ নিশ্চিতসহ ৯ দফা দাবি উত্থাপন করা হয়।
