
মোঃ শাহান আলী, শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি:
সিরাজগঞ্জের শাহজাদপুরে বার্ষিক উন্নয়ন কর্মসূচির আওতায় জেলে, অসহায় পরিবার, শিক্ষার্থী ও প্রতিবন্ধীদের মাঝে বিভিন্ন উপকরণ বিতরণ করা হয়েছে।
শুক্রবার (৯ অক্টোবর ২০২৬) দুপুর ১২টায় শাহজাদপুর উপজেলা পরিষদের হলরুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা সাবরিনা শারমিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ডা. এম এ মুহিত এমপি। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সহকারী কমিশনার (ভূমি) মো. ফরিদুল ইসলাম।
অনুষ্ঠানে মৎস্যজীবীদের মাঝে জাল, অসহায় পরিবারের জন্য সেলাই মেশিন, শিক্ষার্থীদের মাঝে স্কুলব্যাগ ও ফুটবল, প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার এবং পূজামণ্ডপে অগ্নিনির্বাপক যন্ত্র বিতরণ করা হয়।
প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী ডা. এম এ মুহিত বলেন, শাহজাদপুরের মানুষের সঙ্গে সমন্বয় করে কাজ করতে চান তিনি। সরকারি সহায়তা প্রদানে কোনো বৈষম্য থাকবে না। চাহিদা ও সক্ষমতা অনুযায়ী সরকারি সহায়তার মাধ্যমে সমাজকে এগিয়ে নেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন তিনি। এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তাকে ভবিষ্যতে মেয়েদের জন্য ক্যারম বোর্ড দেওয়ার বিষয়েও নির্দেশনা দেন।
অনুষ্ঠানে শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন,উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনার কর্মকর্তা ডাক্তার মাসুদ রানা উপজেলা বিএনপির সভাপতি ইকবাল হাসান হিরু, সাধারণ সম্পাদক আরিফুজ্জামান আরিফ, সিনিয়র সহসভাপতি আব্দুল জব্বার, পৌর বিএনপির সাবেক সভাপতি এমদাদুল হক নওশাদ, সাংগঠনিক সম্পাদক ইয়াসিন আলী, স্মৃতি সংসদের সভাপতি রেজাউল ইসলাম রাজা, সাধারণ সম্পাদক আব্দুস সালাম তোতা, শাহজাদপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আল আমিন হোসেন, উপজেলা কৃষক দলের সভাপতি আবুবক্কার রঞ্জুসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী, প্রশাসনের কর্মকর্তা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
এ কর্মসূচির মাধ্যমে প্রতিবন্ধী যুবক-যুবতীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের জীবনমান উন্নয়ন ও স্বাবলম্বী হতে সহায়তা করার উদ্যোগ নেওয়া হয়।
