
এম এ রশিদ, সাতক্ষীরা প্রতিনিধি:
সাতক্ষীরার শ্যামনগর উপজেলার মুন্সিগঞ্জ বাসস্ট্যান্ড-সংলগ্ন মালঞ্চ নদীর চরের সরকারি জমি খুঁটি ও নেটের বেড়া দিয়ে ঘিরে রাতারাতি দখলের অভিযোগে সংবাদ প্রকাশের পর উচ্ছেদ অভিযান চালিয়েছে প্রশাসন। অভিযানের মাধ্যমে জমিটি দখলমুক্ত করা হয়েছে।
শনিবার (১৭ অক্টোবর) সকাল ১০টার দিকে শ্যামনগর উপজেলা সহকারী ভূমি কর্মকর্তা ওমর শরীফ ফাহাদের নির্দেশনায় মুন্সিগঞ্জ ইউনিয়ন ভূমি কর্মকর্তা আবু সুফিয়ান ঘটনাস্থলে গিয়ে সরেজমিনে উচ্ছেদ অভিযান পরিচালনা করেন। এ সময় সরকারি জমিতে দেওয়া খুঁটি ও নেটের বেড়া অপসারণের মাধ্যমে জমিটি দখলমুক্ত করেন।
স্থানীয় সূত্রে জানা যায় মুন্সিগঞ্জ বাসস্ট্যান্ড-সংলগ্ন মালঞ্চ নদীর চরের সরকারি জমি রাতারাতি খুঁটি ও নেটের বেড়া দিয়ে ঘিরে দখল করা হয়। বিষয়টি নিয়ে সংবাদ প্রকাশের পর প্রশাসনের নজরে আসে এবং পরবর্তী সময়ে উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়।
মুন্সিগঞ্জ ইউনিয়ন ভুমি কর্মকর্তা মোঃ আবু সুফিয়ান দখল হওয়া জায়গাটি সরজমিনে পরিদর্শন শেষে সাংবাদিকদের বলেন, জায়গাটি নেট দিয়ে ঘেরা ছিল,নেট দিয়ে যারা ঘিরে রেখেছে আমি তাদের কাছ থেকে নেট কিনে নিয়েছি। এই ঘেরা এখন ভূমি অফিসের। জায়গাটি এখন সরকারের দখলে থাকবে, এই ঘেরার ভিতরে কিছু থাকবেনা।
অভিযানকালে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
সরকারি জমি দখলমুক্ত করার এ উদ্যোগে স্থানীয়দের মধ্যে স্বস্তি দেখা দিয়েছে। সরকারি সম্পত্তি রক্ষা এবং অবৈধ দখল প্রতিরোধে প্রশাসনের এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবেএমন প্রত্যাশা স্থানীয়দের।
