
নিজস্ব প্রতিবেদক,রাজশাহী:
রাজশাহী নিউ গভর্নমেন্ট ডিগ্রি কলেজের কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (২২ অক্টোবর) কলেজ মিলনায়তনে আয়োজিত ‘কৃতি শিক্ষার্থী সংবর্ধনা-২০২৬’ অনুষ্ঠানে শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট তুলে দেন অতিথিরা।
অনুষ্ঠানে শিক্ষার্থীদের মেধা, সততা, শৃঙ্খলা ও দেশপ্রেমের চর্চার মাধ্যমে ভবিষ্যতে দেশ গঠনে ভূমিকা রাখার আহ্বান জানানো হয়। অনুষ্ঠান শেষে ভূমিমন্ত্রী মো. মিজানুর রহমান মিনুর সুস্থতা কামনায় দোয়া ও মোনাজাত করা হয়।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মো. শফিকুল হক মিলন। সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য দেন রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক ও মহানগর বিএনপির সাধারণ সম্পাদক মো. মাহফুজুর রহমান রিটন।
সংসদ সদস্য শফিকুল হক মিলন বলেন, আজকের শিক্ষার্থীরাই আগামী দিনের দেশ গড়ার কারিগর। মেধা, সততা, শৃঙ্খলা ও দেশপ্রেম ধারণ করে তাঁদের সামনে এগিয়ে যেতে হবে। নিউ গভর্নমেন্ট ডিগ্রি কলেজের কৃতি শিক্ষার্থীরা নিজেদের সাফল্যের মাধ্যমে রাজশাহীর সুনাম বাড়াচ্ছেন। ভবিষ্যতেও তাঁরা দেশের উন্নয়ন ও অগ্রগতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন বলে আশা প্রকাশ করেন তিনি।
শিক্ষার্থীদের মেধা বিকাশে শিক্ষক, অভিভাবক ও সংশ্লিষ্ট সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান এই সংসদ সদস্য।
মাহফুজুর রহমান রিটন বলেন, শিক্ষানগরী রাজশাহীর অন্যতম ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান নিউ গভর্নমেন্ট ডিগ্রি কলেজ নগরবাসীর গর্ব। এ প্রতিষ্ঠানের কৃতী শিক্ষার্থীরা দেশের বিভিন্ন প্রতিষ্ঠানে সুনামের সঙ্গে কাজ করছেন এবং নিজেদের মেধা ও যোগ্যতার পরিচয় দিচ্ছেন।
তিনি বলেন, নিউ গভর্নমেন্ট ডিগ্রি কলেজকে দেশের অন্যতম সেরা শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন। শিক্ষার মানোন্নয়নের পাশাপাশি কলেজের পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখা এবং সুন্দর ও শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিত করতে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের আন্তরিকভাবে কাজ করতে হবে।
অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট এরশাদ আলী ঈশা, কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক মো. মতিউর রহমান এবং শিক্ষক পরিষদের সম্পাদক অধ্যাপক ড. মো. রাশেদ করিম।
কলেজের অধ্যক্ষ অধ্যাপক ড. শিখা সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন রাজশাহী কলেজের অধ্যক্ষ অধ্যাপক ড. ইব্রাহিম আলী, রাজশাহী মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের পরিচালক অধ্যাপক হুমায়ুন কবীর, রাজশাহী শিক্ষা বোর্ডের সচিব অধ্যাপক ড. মো. আব্দুর রউফ, সংবর্ধনা আয়োজন কমিটির আহ্বায়ক অধ্যাপক জুবাইদুর রহমান আল গালিবসহ কলেজের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকেরা।
