
নিজস্ব প্রতিবেদক,রাজশাহী:
রাজশাহী মহানগরীতে পৃথক মাদকবিরোধী অভিযান চালিয়ে গাঁজা ও ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) গোয়েন্দা বিভাগ (ডিবি) ও মতিহার থানা পুলিশ। এসব অভিযানে এক নারীসহ দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় মাদক বিক্রির নগদ অর্থও জব্দ করা হয়। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে এক মাদক কারবারি পালিয়ে গেছেন।
পুলিশ জানায়, গত ২৯ অক্টোবর দুপুর ১টার দিকে পবা থানার ছোট ভালাম জয়কৃষ্ণপুর গ্রামে অভিযান চালায় মহানগর ডিবি পুলিশ। এ সময় ওই গ্রামের বাসিন্দা মোসা. মিতালী বেগমকে (৩৮) গ্রেপ্তার করা হয়। পরে তাঁর হেফাজত থেকে বিক্রির উদ্দেশ্যে রাখা ৩০০ গ্রাম গাঁজা এবং মাদক বিক্রির ৩০০ টাকা জব্দ করা হয়। মিতালীর বিরুদ্ধে এর আগে এয়ারপোর্ট থানায় একটি মাদক মামলা রয়েছে।
অন্যদিকে, গত ২৮ অক্টোবর রাত সাড়ে ৯টার দিকে মতিহার থানার চরশ্যামপুর পশ্চিমপাড়া এলাকায় অভিযান চালায় মতিহার থানা পুলিশ। এ সময় বোয়ালিয়া থানার উপর ভদ্রা এলাকার বাসিন্দা আকাশ আলীকে (৩০) গ্রেপ্তার করা হয়। তাঁর কাছ থেকে বিক্রির উদ্দেশ্যে রাখা ৯৯টি ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে সাগর মিয়া (৩২) নামে আরেক ব্যক্তি পালিয়ে যান।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে পুলিশ জানতে পেরেছে, গ্রেপ্তার আকাশ ও পলাতক সাগর পরস্পরের যোগসাজশে দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা করে আসছিলেন।
আরএমপি জানায়, গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা করা হয়েছে। পরে তাঁদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। পলাতক ব্যক্তিকে গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
