আজ- , ,

এইচএসসির ফলাফলে রাজশাহী বোর্ডে বড় ধাক্কা, এক বছরে পাসের হার কমল ১৪.৩৪ শতাংশীয় পয়েন্ট

by Prokash Kal

নিজস্ব প্রতিবেদক,রাজশাহী:

উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষার ফলাফলে রাজশাহী শিক্ষা বোর্ডে এবার হতাশাজনক চিত্র দেখা গেছে। গত বছরের তুলনায় এ বছর বোর্ডটিতে পাসের হার উল্লেখযোগ্যভাবে কমেছে। ২০২৬ সালের পরীক্ষায় রাজশাহী বোর্ডে উত্তীর্ণ হয়েছেন মাত্র ৪৫ দশমিক ০৬ শতাংশ শিক্ষার্থী। গত বছর এ হার ছিল ৫৯ দশমিক ৪০ শতাংশ। ফলে এক বছরের ব্যবধানে পাসের হার কমেছে ১৪ দশমিক ৩৪ শতাংশীয় পয়েন্ট।

শনিবার (৩১ অক্টোবর) সকাল ১১টায় শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সভাকক্ষে সারা দেশের এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ করা হয়। আনুষ্ঠানিকভাবে ফল প্রকাশ কার্যক্রমের উদ্বোধন করেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

প্রকাশিত ফলাফল বিশ্লেষণে দেখা গেছে, শুধু গত বছরের তুলনায় নয়, জাতীয় গড় পাসের হারেও পিছিয়ে রয়েছে রাজশাহী শিক্ষা বোর্ড। এ বছর সারা দেশে এইচএসসি ও সমমানের পরীক্ষায় গড় পাসের হার ৫২ দশমিক ১২ শতাংশ। সে তুলনায় রাজশাহী বোর্ডের পাসের হার ৭ দশমিক ০৬ শতাংশীয় পয়েন্ট কম।

এ বছর দেশের ১১টি শিক্ষা বোর্ডের অধীনে মোট ১২ লাখ ৪০ হাজার ৭৯৮ জন পরীক্ষার্থী নিবন্ধিত ছিলেন। সারা দেশে ২ হাজার ৭৬০টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হয়। এর মধ্যে উত্তীর্ণ হয়েছেন ৬ লাখ ৪৬ হাজার ৬৮৫ জন। সর্বোচ্চ ফল জিপিএ-৫ পেয়েছেন ৪০ হাজার ৮৪ জন শিক্ষার্থী।

গত বছর সারা দেশে জিপিএ-৫ পেয়েছিলেন ৬৯ হাজার ৯৭ জন। সেই হিসাবে এবার জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যাও কমেছে ২৯ হাজার ১৩ জন।

এবারের এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয় গত ২ জুলাই। পরীক্ষা শেষ হয় ৮ আগস্ট। তবে বন্যার কারণে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের কয়েকটি পরীক্ষা স্থগিত করা হয়েছিল। পরে ৯ সেপ্টেম্বর ওই পরীক্ষাগুলো শেষ হয়।

রাজশাহী শিক্ষা বোর্ডে পাসের হারের এমন নিম্নমুখী প্রবণতা শিক্ষার সার্বিক মান নিয়ে নতুন করে প্রশ্ন তৈরি করেছে। বিশেষ করে গত বছরের তুলনায় ফলাফলের বড় ব্যবধানের কারণ অনুসন্ধানে বিষয়ভিত্তিক ফলাফল, শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর ফলাফল এবং শিক্ষার্থীদের প্রস্তুতির বিষয়গুলো বিশ্লেষণ করা জরুরি হয়ে উঠেছে।

Share this news as a Photo Card

You may also like

Leave a Comment

শিরোনাম:
31 October 2026

এইচএসসির ফলাফলে রাজশাহী বোর্ডে বড় ধাক্কা, এক বছরে পাসের হার কমল ১৪.৩৪ শতাংশীয় পয়েন্ট

www.prokashkal.com |
/Prokashkal