আজ- , ,

আইন নিজের হাতে তুলে না নেওয়ার আহ্বান শাহজাদপুর থানার ওসির

by Prokash Kal

গোলজার হোসেন হীরা, বিশেষ প্রতিনিধি, সিরাজগঞ্জ

সিরাজগঞ্জের শাহজাদপুরে মাদক, জুয়া, চুরি, ডাকাতি, হত্যা, ধর্ষণ ও ধর্ষণচেষ্টাসহ বিভিন্ন অপরাধ দমনে পুলিশকে সহযোগিতার আহ্বান জানিয়েছেন শাহজাদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সাইফুল ইসলাম।

এ বিষয়ে শাহজাদপুরবাসীর উদ্দেশে দেওয়া এক বক্তব্যে তিনি বলেন, ২০২৫ সালের ডিসেম্বর থেকে অদ্যাবধি স্থানীয় জনগণের সহযোগিতায় থানা পুলিশ মাদক, জুয়া, চুরি, ডাকাতি, হত্যা, ধর্ষণ ও ধর্ষণচেষ্টাসহ বিভিন্ন অপরাধ দমনে কাজ করে যাচ্ছে। এ সময়ের মধ্যে সংঘটিত কোনো অপরাধই পুলিশ উদঘাটনের বাইরে রাখেনি বলে তিনি উল্লেখ করেন।

ওসি জানান, সম্প্রতি শাহজাদপুরের হাবিবুল্লাহ নগর এবং গত ১৮ অক্টোবর পোরজনা ইউনিয়নের বাচড়া এলাকায় ধর্ষণচেষ্টার মামলার এক পলাতক আসামি আব্দুর রহমানের বাড়ির কিছু অংশ ভাঙচুরের ঘটনা ঘটেছে। ওই আসামি চর বাচড়া গ্রামের মৃত এশারত আলীর ছেলে।

তিনি বলেন, কোনো অপরাধের বিচার বা প্রতিকারের নামে আইন নিজের হাতে তুলে নেওয়া সম্পূর্ণ বেআইনি। অপরাধের অভিযোগ থাকলে তা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানাতে হবে। কারও বাড়িঘর ভাঙচুর বা অন্য কোনো বেআইনি কর্মকাণ্ডে জড়ানো গুরুতর অপরাধ।

শাহজাদপুরবাসীর উদ্দেশে তিনি আরও বলেন, ধর্ম-বর্ণ নির্বিশেষে প্রত্যেক নাগরিকের উচিত আইন ও ধর্মীয় বিধানের প্রতি শ্রদ্ধাশীল থাকা। দেশের প্রচলিত আইন কাউকে নিজের হাতে বিচার তুলে নেওয়ার অধিকার দেয়নি। আইন নিজস্ব গতিতে চলে এবং আইনগত প্রক্রিয়ার মাধ্যমেই অপরাধের বিচার নিশ্চিত করতে হবে।

এ ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে ওসি বলেন, ভবিষ্যতে কেউ যেন আইনবহির্ভূত কর্মকাণ্ডে জড়িয়ে নিজের বিপদ ডেকে না আনেন। এলাকার শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে পুলিশকে আইনগতভাবে সহযোগিতা করার পাশাপাশি সম্মিলিতভাবে কাজ করতে হবে।

তিনি আরও জানান, বাচড়া এলাকায় ধর্ষণচেষ্টার মামলার পলাতক আসামিকে ইতোমধ্যে গ্রেপ্তার করা হয়েছে।

Share this news as a Photo Card

You may also like

Leave a Comment

শিরোনাম:
31 October 2026

আইন নিজের হাতে তুলে না নেওয়ার আহ্বান শাহজাদপুর থানার ওসির

www.prokashkal.com |
/Prokashkal