আজ- , ,

ডেঙ্গু নিয়ন্ত্রণে রাজশাহীতে ফের ফগার স্প্রে, ৩০ ওয়ার্ডে বিশেষ অভিযান

by Prokash Kal

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী:

ডেঙ্গু প্রতিরোধ ও মশক নিয়ন্ত্রণে রাজশাহী মহানগরীতে আবারও ফগার মেশিনের মাধ্যমে কীটনাশক স্প্রে কার্যক্রম শুরু করেছে রাজশাহী সিটি করপোরেশন (রাসিক)। প্রধানমন্ত্রী তারেক রহমান ঘোষিত তিন মাসব্যাপী ‘ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান-২০২৬’-এর অংশ হিসেবে নগরীর ৩০টি ওয়ার্ডে পর্যায়ক্রমে এ কার্যক্রম পরিচালনা করা হবে।

মঙ্গলবার (১০ নভেম্বর) রাসিক প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটনের নির্দেশনায় নগরীর ৯, ১১ ও ১২ নম্বর ওয়ার্ডে ফগার স্প্রে কার্যক্রম পরিচালনা করা হয়।

রাসিকের পরিচ্ছন্ন বিভাগের কর্মপরিকল্পনা অনুযায়ী, নগরীর বিভিন্ন স্লাব, ড্রেন, ভূগর্ভস্থ নালা, ডোবা, জঙ্গল ও ঝোপঝাড়সহ মশার সম্ভাব্য প্রজননস্থলে কীটনাশক স্প্রে করা হচ্ছে। পর্যায়ক্রমে ৩০টি ওয়ার্ডেই এ কার্যক্রম চালানো হবে।

এ ছাড়া নগরীর সরকারি ও আধা সরকারি দপ্তর, শিক্ষাপ্রতিষ্ঠানসহ বিভিন্ন প্রতিষ্ঠানে কেন্দ্রীয়ভাবে বিশেষ অভিযান পরিচালনা করা হবে। পাশাপাশি নাগরিকদের অভিযোগের ভিত্তিতে মশার প্রজননস্থল হিসেবে চিহ্নিত এলাকাগুলোতেও অভিযান চালানো হবে।

রাসিকের মশক নিধন কর্মকর্তা সৈয়দ জুবায়ের হোসেন মুন বলেন, প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটনের নির্দেশনায় ডেঙ্গু প্রতিরোধ ও মশক নিয়ন্ত্রণে তিন মাসব্যাপী বিশেষ কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে। এর আওতায় নগরীর ৩০টি ওয়ার্ডে পর্যায়ক্রমে ফগার মেশিনের মাধ্যমে কীটনাশক স্প্রে করা হচ্ছে। একই সঙ্গে মশার সম্ভাব্য প্রজননস্থল চিহ্নিত করে বিশেষ অভিযান পরিচালনা করা হবে।

তিনি আরও বলেন, নগরীর ৩০টি ওয়ার্ডে ব্লকভিত্তিক পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান, ঝোপঝাড় ও ড্রেন পরিষ্কার এবং ড্রেনে লার্ভিসাইড প্রয়োগসহ মশক নিয়ন্ত্রণে বিভিন্ন কার্যক্রম চলমান রয়েছে।

Share this news as a Photo Card

You may also like

Leave a Comment

শিরোনাম:
11 November 2026

ডেঙ্গু নিয়ন্ত্রণে রাজশাহীতে ফের ফগার স্প্রে, ৩০ ওয়ার্ডে বিশেষ অভিযান

www.prokashkal.com |
/Prokashkal